পঞ্চগড় জেলা বিএনপির রয়েছে আলিশান কার্যালয়। কিন্তু তা বেশির ভাগ সময় থাকে তালাবদ্ধ। কারণ, জেলায় বিএনপির কোনো কমিটি নেই। ফলে দলের কার্যক্রমও নেই।
বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা বলছেন, পদ-পদবির দ্বন্দ্বে দলে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্ব এখন চরমে। নেতাদের অনেকে এ জন্য দুষছেন পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারকে।
দলীয় সূত্র জানায়, ২০০৯ সালের ৩০ নভেম্বর সম্মেলনে মো. মোজাহার হোসেন জেলা বিএনপির সভাপতি, নাজমুল হক সাধারণ সম্পাদক ও জাহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১১ সালের জানুয়ারিতে নাজমুল হক মারা যান। এরপর সাধারণ সম্পাদকের পদটি নিয়ে কোন্দল শুরু হয়। এ নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। এর এক পক্ষে আছেন জমির উদ্দিন সরকার ও তাঁর অনুসারীরা; আরেক পক্ষে আছেন মোজাহার হোসেন, জাহিরুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি ও পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম।
স্থানীয় একাধিক নেতা বলেন, দলের সাধারণ সম্পাদক নাজমুল হকের আকস্মিক মৃত্যুর পর জেলা বিএনপিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন জমির উদ্দিন সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এম এ মজিদ। তিনি জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। মজিদ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। সেই সুবাদে তিনি অলিখিতভাবে সাধারণ সম্পাদকের কাজ চালাতে থাকলে দলের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। এই অংশের অভিযোগ, জমির উদ্দিন সরকারের আশকারায় মজিদ দলে প্রভাব খাটান। তখন থেকে দুটি পক্ষ স্পষ্ট হতে থাকে। একপর্যায়ে পৃথক কর্মসূচি পালন শুরু হয়। এমনকি দুই পক্ষের নেতারা একে অন্যের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছেন।
পঞ্চগড় পৌর বিএনপির সহসভাপতি ও দলের প্রবীণ নেতা মো. মেহের আলী প্রথম আলোকে বলেন, জমির উদ্দিন সরকার চান তাঁর পছন্দের নেতৃত্ব। মূলত এখান থেকেই বিরোধ। এতে নেতা-কর্মীরা হতাশ। দ্রুতই এই বিরোধ নিষ্পত্তি না হলে সামনে দলের জন্য দুর্গতি আছে।
একই রকম মন্তব্য করেছেন জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন নাহার। তিনি বলেন, ‘জেলায় বিএনপির কমিটি নেই, কার্যক্রমও নেই। দলে দীর্ঘদিন ধরে গ্রুপিং চলছে। এ অবস্থায় নেতা-কর্মীরা বিভ্রান্ত।’
দলীয় সূত্রগুলো বলছে, কোন্দলে ত্যক্ত-বিরক্ত হয়ে গত বছরের ১০ এপ্রিল জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে পদত্যাগ করেন। এরপর কেন্দ্র থেকে কমিটি ভেঙে দিয়ে এ হাসান প্রধানকে জেলা বিএনপির আহ্বায়ক ও এম এ মজিদকে সদস্যসচিব করে ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়।
পদত্যাগের কারণ জানতে চাইলে মোজাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিকভাবে দল চালাতে পারছিলাম না। তাই স্বেচ্ছায় পদ ছেড়ে দিই। কারও বিরুদ্ধে আমার অভিযোগ নেই। দলে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচনই কেবল এই অচলাবস্থার অবসান হতে পারে।’
স্থানীয় নেতাদের একটি অংশের অভিযোগ, আহ্বায়ক ও সদস্যসচিব জমির উদ্দিন সরকারের পরামর্শে অনেকটা গোপনে উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের একটি অংশ গত বছরের ৬ মে রাতে এ হাসান প্রধানের বাসা ও তাঁর আইন পেশার কার্যালয় এবং এম এ মজিদের বাসায় হামলা চালায় এবং তাঁদের অপদস্থ করে।
এই অংশটি পরদিন সংবাদ সম্মেলন ডেকে এই দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করে। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে আহ্বায়ক কমিটির করা উপজেলা ও পৌর কমিটি বাতিল করে আগের কমিটি বহাল করা হয়। এরপর জেলার আহ্বায়ক এ হাসান প্রধান পদত্যাগ করেন। এ বিষয়ে এ হাসান প্রধান প্রথম আলোর সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
জমির উদ্দিন সরকারের অনুসারীদের দাবি, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদটি পেতে তৌহিদুল ইসলাম দলে বিভেদ সৃষ্টি করেছেন। তাঁরা জমির উদ্দিন সরকারকে উপেক্ষা করে মাঠ ঘোলা করতে চাইছেন।
পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম দাবি করেন, ‘জমির উদ্দিন সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এম এ মজিদের গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ডের কারণেই দলে বিভক্তির সৃষ্টি হয়েছে। এর দ্রুত সমাধান না হলে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা উৎসাহ হারিয়ে ফেলবে।’
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুনও দলে বিভক্তির জন্য মজিদকে দায়ী করেন।
এম এ মজিদ দলে এই বিভক্তির কথা স্বীকার করেন। তিনি বলেন, দলীয় কর্মসূচি আলাদাভাবে পালন করা হচ্ছে। এ অবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। নেতাদের এক টেবিলে বসাতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তাঁর দাবি, নেতৃত্বের প্রশ্নে সবাই জমির উদ্দিন সরকারের প্রতি আস্থাশীল।
পঞ্চগড় পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এ বি এম আকতারুজ্জামান ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুছ সেখ মনে করেন, জমির উদ্দিন সরকার চাইলে এক দিনেই কোন্দল মিটে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে জমির উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমার জন্য কোন্দল, এ কথা ঠিক না। জেলার রাজনীতিতে আমি হস্তক্ষেপ করি না। আমি কাউকে সাধারণ সম্পাদক করতে পারি? ওরা নিজেরাই কোন্দল সৃষ্টি করেছে। পদের জন্য কেউ কোন্দলে জড়ালে সেটার সমাধানও তাদেরই করতে হবে। তারপরও কেন্দ্র এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে।’