আ.লীগ রাষ্ট্রের সব স্তম্ভকে নির্মমভাবে ধ্বংস করেছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

আওয়ামী লীগ রাষ্ট্রের সব স্তম্ভকে নির্মমভাবে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নেই। গুম হচ্ছে, খুন হচ্ছে। দেশে ভয়ংকর একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

ঘটনাবহুল ৭ নভেম্বর রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে।
মির্জা ফখরুল বলেন, ৩৫ লাখের বেশি মানুষকে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে পরাজিত করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তাঁর দাবি, এই দিনে দেশপ্রেমিক সৈনিক এবং জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতাকে সুসংগঠিত করা হয়েছিল। তার নায়ক ছিলেন জিয়াউর রহমান। এই দিনের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে ফিরে পেয়েছিল মানুষ।

জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যাওয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।