আ.লীগে ভুঁইফোঁড় সংগঠনের জায়গা নেই: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীর মুক্তিযোদ্ধা ও আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ন্যায় ও সততার পথে থেকে দল করতে হবে। এটিই আওয়ামী লীগের ভিত্তি। যে দল একটি দেশ গঠন করেছে, সারা পৃথিবীর বুকে একটি নতুন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছে; যে দল প্রতিষ্ঠার পর থেকে সব আন্দোলন–সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেই দলে ভুঁইফোঁড় সংগঠনের কোনো জায়গা নেই।

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে আবাহনী ক্লাব মাঠে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের কিছু তথাকথিত সেলিব্রিটি সমাজে অপসংস্কৃতি ছড়াচ্ছেন। বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে তরুণসমাজ ও জাতিকে তাঁরা বিভ্রান্ত করছেন। তাঁদের মুখোশ উন্মোচনে কঠোর অভিযান চলছে। অপসংস্কৃতি রোধে এ অভিযান চলমান থাকবে।

দেশে যুবসমাজের অবক্ষয় ও অপসংস্কৃতি রোধে শেখ কামালের আদর্শ ও চেতনাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, শেখ কামাল ছিলেন অনন্য ক্রীড়া সংগঠক, যিনি খেলাধুলায় নতুন যুগের সূচনা করেছিলেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলায় অনন্য উচ্চতায় পৌঁছাতে পারত।

শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী আরও বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন অত্যন্ত সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন’ গঠন করেছিলেন। একাধারে তিনি ছিলেন রাজনৈতিকভাবে সচেতন ও দেশপ্রেমিক। তিনি উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর আদর্শে তরুণদের খেলাধুলায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে। এটি করতে পারলে অবক্ষয় ও অপসংস্কৃতি রোধ করে দেশের তরুণসমাজকে আদর্শবান করে গড়ে তোলা যাবে।

আবাহনী সমর্থকগোষ্ঠী কেন্দ্রীয় কার্যকরী সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাহনী সমর্থকগোষ্ঠীর সভাপতি মো. জিল্লুর রহমান, উপদেষ্টা কাজী আবদুল হাকিম, বরকত-ই-খুদা, মির্জা ফজলুল হক, সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।