আলেম-বুদ্ধিজীবীদের নিয়ে সেল গঠনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ দমনে পীর, মাশায়েখ, আলেম ও বুদ্ধিজীবীদের নিয়ে আলাদা সেল গঠনের করার পরামর্শ এসেছে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল আলোচনায়।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এ বিষয়ে কার্যকরভাবে মানুষকে বোঝাতে হলে পীর, মাশায়েখ, আলেম ও বুদ্ধিজীবীদের নিয়ে আলাদা সেল গঠন করতে হবে। শুধু ইসলামিক ফাউন্ডেশন দিয়ে প্রচার চালালেই হবে না।
‘ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ। এতে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, মুক্তিযুদ্ধের মতো জঙ্গিদের বিরুদ্ধে আরেকটি জনযুদ্ধ করতে হবে। সবাই এই যুদ্ধে শামিল হলে বিজয় হবেই।
শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে দেশের আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। আর সরকারের উচিত হবে ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি এ দেশের আলেম সমাজকে নিয়ে এ বিষয়ে কাজ করা। প্রয়োজনে আলাদা একটা সেলও গঠন করা যেতে পারে। ফরিদ উদ্দিন মাসউদ বলেন, দেশের সব জঙ্গি সংগঠনের পেছনে আছে জামায়াত। তিনি এইচ টি ইমামের উদ্দেশে বলেন, ‘আপনারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে লজ্জা পাচ্ছেন কেন?’
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, জঙ্গিবাদ একটি বিশ্বব্যাপী সমস্যা। কিন্তু দেশে জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আখতারুজ্জামান, তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।