আলোচনা করে প্রধানমন্ত্রী নির্বাচনের গতিপথ ঠিক করবেন, আশা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী নির্বাচন ও রাজনীতির গতিপথ নির্ধারণ করবেন বলে আশা করছে বিএনপি।

সরকারের তিন বছর পূর্তিতে গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় গতকাল শুক্রবার বিএনপি এই আশার কথা জানিয়েছে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভাষণে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন যে সব দল নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখবে এবং আগামী নির্বাচনে অংশ নেবে। এর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়। কিন্তু একটি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ, সাহসী, যোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বিরোধী দল নির্মূল করার যে প্রক্রিয়া চলছে, তা বন্ধ করতে হবে। সব রাজনৈতিক নেতাকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সভা, মিছিল, সমাবেশ করার সমান সুযোগ দিতে হবে। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া ও অন্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারেক রহমানকে ‘অন্যায়ভাবে’ সাজা দেওয়া, গণমাধ্যম নিয়ন্ত্রণ, বিচার বিভাগসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় নিয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য তৈরির কার্যকর ব্যবস্থা না নিয়ে বিরোধী দলকে দায়ী করে জঙ্গিবাদকে আরও প্রশ্রয় দিচ্ছে সরকার।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভ্রান্ত তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তিনি বিপুল ম্যান্ডেট নিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের কথা বলেছেন, যা সঠিক নয়। ৫ জানুয়ারি নির্বাচনে শতকরা ৫ ভাগ ভোটারও ভোটকেন্দ্রে যাননি।

বিএনপির মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এমনভাবে চিত্রায়িত করেছেন যে সব উন্নয়ন তাঁর দুই দফার সরকারের আট বছরেই হয়েছে; যা সঠিক নয়। অর্থনৈতিক উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। ভিত্তি তৈরি করতে হয়, এরপর একটি একটি করে ইট লাগাতে হয়। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য বিমোচন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জীবনযাত্রার মানোন্নয়ন, দুর্বল জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তাবলয় গড়ে তোলা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার কাজগুলো কোনো একটি বিশেষ সরকারের একক প্রচেষ্টার ফসল নয়।

মির্জা ফখরুল বলেন, উন্নয়নের নামে সরকার জনগণকে বিভ্রান্ত করছে। গত আট বছরে ধনী আরও ধনী, গরিব আরও গরিব হয়েছে। প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা বেড়েছে। নজিরবিহীন দলীয়করণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও ক্ষয়িষ্ণু করেছে। জবাবদিহির অভাব, অকার্যকর সংসদ দুর্নীতিকে লাগামহীন পর্যায়ে নিয়ে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংসের মুখে। শেয়ার মার্কেট লুট, ব্যাংক লুট, দলীয় ব্যক্তিদের জন্য ঋণসুবিধা ও ফেরত না দেওয়ার প্রবণতা অর্থনীতিকে অন্তঃসারশূন্য করে ফেলছে। তিনি বলেন, পদ্মা সেতু ও প্রায় সব কটি ফ্লাইওভারের প্রকল্প ব্যয় কয়েক গুণ বাড়ানো হয়েছে। সরকার মেগা প্রকল্প গ্রহণে বেশি আগ্রহী, কারণ এতে তারা মেগা চুরির সুযোগ সৃষ্টি করে। সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরের ভবিষ্যৎ কী, জনগণ তা জানতে চায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।