আলোচনা নয়, আন্দোলনে রামপাল প্রকল্প বাতিল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে আর কোনো আলোচনায় যাবে না তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ কথা জানিয়ে ওই কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, অপ্রতিরোধ্য গণ-আন্দোলন গড়ে এ প্রকল্প বাতিল করা হবে।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক সমাবেশে আনু মুহাম্মদ এসব কথা বলেছেন। তিনি সরকারের উদ্দেশে বলেছেন, ‘বিদ্যুৎ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আমরা রামপাল বিষয়ে আমাদের যুক্তি ও তথ্য তুলে ধরেছি। এর আগেও আমরা জ্বালানি মন্ত্রণালয়ে রামপালবিষয়ক বৈঠকে রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতিবিষয়ক বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত তুলে ধরেছি। কিন্তু তারা আমাদের সঙ্গে যুক্তি-তর্কে পেরে না উঠলেও প্রকল্পের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে। ফলে এদের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই।’

আনু মুহাম্মদ আরও বলেন, ‘এর আগে আমরা গ্যাস রপ্তানির বিরোধিতা করেছিলাম। এখন দেশের সবাই স্বীকার করছেন, তখন গ্যাস রপ্তানি হলে, এখন যতটুকু গ্যাস আছে, তা-ও থাকত না। কনোকোফিলিপসের সঙ্গে চুক্তির সময় আমরা বলেছিলাম, এসব বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি না করে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে গ্যাসকূপ খনন করুন। দরকার হলে বিদেশি বিশেষজ্ঞ আনুন। তখন সরকার থেকে বলা হয়েছিল, কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি হলে আমরা অনেক গ্যাস পাব। দেশে শিল্পায়ন হবে। কিন্তু গত ছয় বছরে কনোকোফিলিপস কোনো গ্যাসকূপ খনন করেনি। বাংলাদেশের সঙ্গে চুক্তি করে আন্তর্জাতিক শেয়ারবাজারে তাদের দাম বাড়িয়েছে। এখন ওই গ্যাসকূপগুলো চীনা কোম্পানির কাছে ইজারা দিয়ে চলে গেছে।’

আনু মুহাম্মদ বলেন, ‘এখন আমরা রামপাল প্রকল্পের বিরোধিতা করছি। কারণ, শুধু আমরা নয়, বিশ্বের বেশির ভাগ বিজ্ঞানী ও গবেষকই তা স্বীকার করে নিয়েছেন। সরকারের বিভিন্ন সংস্থা থেকেই এ প্রকল্পের কারণে ক্ষতির বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন, এই প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতি হবে। এই সরকার তা শুনছেন না। কিন্তু আমরা যারা কোথাও মাথা বন্ধক দিইনি। তাদের এখন দায়িত্ব সুন্দরবন রক্ষার এই আন্দোলনে শামিল হওয়া।’

সমাবেশ শেষে জাতীয় কমিটির প্রেসক্লাব থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত একটি মিছিল করে। সমাবেশ ও মিছিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।