আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান আওয়ামী লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী নির্বাচন হবে সংবিধান অনুসারে। আর সে নির্বাচন হবে ২০১৯ সালে। তাই আগাম নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ নেই।
গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদ দলের পক্ষ থেকে এ কথা জানান। খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সুযোগ নেই। তাই তত্ত্বাবধায়ক সরকার কিংবা মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ নেই। তিনি বলেন, যারা পেট্রলবোমা দিয়ে মানুষের ওপর হামলা করে, তারা কোনো রাজনৈতিক নেতা বা কর্মী হতে পারে না। এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচিও হতে পারে না। অথচ বিএনপি-জামায়াত জোট মানুষের গায়ে পেট্রল ঢেলে দিয়ে, মানুষকে আগুনে পুড়িয়ে মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করছে। আর এ কাজগুলো করা হচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে।
হাছান মাহমুদ আরও বলেন, খালেদা জিয়া চরম মিথ্যাচারের মাধ্যমে দেশের যে চিত্র সংবাদ সম্মেলনে উত্থাপন করার চেষ্টা করেছেন, তা দেশের প্রকৃত চিত্র নয়।