আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনার মাধ্যমেই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করা উচিত। গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিবিসি সংলাপে এই মত দেন দর্শক ও অতিথিরা।
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মদ সংলাপে বলেছেন, বলপ্রয়োগ করে কখনোই সমস্যার সমাধান করা যাবে না। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। তবে আওয়ামী লীগের সভাপতি-মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা সন্ত্রাস করে, মানুষ পুড়িয়ে মারে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।
এই দুই রাজনৈতিক ছাড়াও এবারের সংলাপে অতিথি আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান ও বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক।
অতিরিক্ত বলপ্রয়োগ করে চলমান রাজনৈতিক সহিংসতার সমাধান কি না—সংলাপের শুরুতেই এমন প্রশ্ন তোলেন এক দর্শক। জবাবে শাহদীন মালিক বলেন, পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা, নাশকতা—এর সঙ্গে আইনশৃঙ্খলার যোগাযোগ তো আছেই। কাজেই আইনশৃঙ্খলার বিষয় এখানে আছে। কিন্তু সেটা ৩০ শতাংশ। ৭০ শতাংশই রাজনৈতিক। রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। একই মত প্রকাশ করে রওনক জাহান বলেন, রাজপথের রাজনীতি থেকে বেরিয়ে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত।
তবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা সন্ত্রাস করে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে না। তারা যদি নমনীয় হয়, সন্ত্রাস পরিহার করে, তাহলে আলোচনা হতে পারে।
হাফিজউদ্দিন আহম্মদ বলেন, বলপ্রয়োগ করে কখনোই সমস্যার সমাধান করা যাবে না। কারণ, বিএনপির সঙ্গে জনগণ আছে। কোকোর জানাজায় লাখো মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে।
এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ নিয়ে প্রশ্ন উঠলে হাফিজউদ্দিন বলেন, ‘কিসের পরীক্ষা, কিসের কী? আগে আইনের শাসন দরকার। প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেন। আর পুলিশ তো বলছে তারা থাকবে। তাহলে তো অসুবিধা হবে বলে মনে হয় না।’
রাজনৈতিক সহিংসতায় ক্ষতির শিকার লোকজনকে ক্ষতিপূরণ দেওয়া উচিত কি না— দর্শকদের এমন এক প্রশ্নের জবাবে শাহদীন মালিক ও রওনক জাহান দুজনেই ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে মত দেন।