দুই দিন ধরে কয়েক দফা বৈঠক করেও ছাত্রদলের সংকট কাটাতে পারেনি বিএনপি। গতকাল মঙ্গলবার কোনো বিশৃঙ্খলা না হলেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নতুন কমিটির পক্ষের ২০ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করে। তাঁদের দিনভর থানায় আটকে রেখে সন্ধ্যার পর ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন। এ সময় তাঁদের পক্ষের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তখন সেখান থেকে ২০ জনকে আটক করে পুলিশ।
রাতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কায় ২০ জনকে আটক করা হয়েছিল। সন্ধ্যার পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ‘কোনো কারণ ছাড়াই’ ছাত্রদলের এসব নেতা-কর্মীকে আটকের নিন্দা জানান এবং তাঁদের মুক্তি দাবি করেন।
পদবঞ্চিতদের নিয়ে বৈঠক: ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের সঙ্গে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাঁর শাহজাহানপুরের বাসায় বৈঠক করেন। তাঁর সঙ্গে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনও ছিলেন। পদবঞ্চিত নেতাদের মধ্যে আনিসুর রহমান তালুকদার, আবু সাঈদ, শহিদুল্লাহ ইমরান, জাভেদ হাসান, তরুণ দে, ফেরদৌস আহমেদ, তরিকুল ইসলাম, মশিউর রহমান, নুরুজ্জামান মুকিত, শামসুজ্জোহা, হাবিবুর রহমান, রাকিবুল ইসলাম এবং এ পক্ষে থাকা নতুন কমিটির সহসভাপতি গাজী রেজওয়ানুল হক ও সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বৈঠকে অংশ নেন।
দুই ঘণ্টার বৈঠক শেষে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, তিনি ছাত্রদলের নেতাদের সব বক্তব্য শুনেছেন, বিএনপির চেয়ারপারসনকে বিষয়টি জানাবেন। তাঁর দাবি, যাঁরা বিক্ষোভ করছেন, তাঁরা পদবঞ্চিত নন। তাঁদের মধ্যে মতের অমিল হয়েছে। বিভিন্ন মহল এর সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
বৈঠকে অংশগ্রহণকারী ছাত্রদলের একাধিক নেতা জানান, নতুন কমিটি বাতিল এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পদ থেকে শহীদ উদ্দীন চৌধুরী ও ছাত্রবিষয়ক সহসম্পাদক পদ থেকে সুলতান সালাউদ্দিনকে অপসারণ করার দাবিতে তাঁরা এখনো অটল আছেন। এর কারণ হিসেবে তাঁরা বৈঠকে জানিয়েছেন যে এ দুই নেতা বিভিন্নভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভুল বুঝিয়ে ‘পকেট কমিটি’ দিয়েছেন। এ ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও কলকাঠি নেড়েছেন বলে পদবঞ্চিতরা অভিযোগ করেছেন।
এসব নেতা জানান, তাঁদের বক্তব্য শুনে মির্জা আব্বাস বলেছেন, তাঁদের বক্তব্য তিনি খালেদা জিয়ার কাছে তুলে ধরবেন।
পদবঞ্চিতদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ছাত্রদলে তাঁর কোনো অনুসারি বা পছন্দ-অপছন্দের লোক নেই। যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা আংশিক। যোগ্য কেউ বাদ পড়ে থাকলে তাঁদের অন্তর্ভুক্ত করার সুযোগ আছে। আর বয়োজ্যেষ্ঠদের অন্য সংগঠনগুলোতে অন্তর্ভুক্ত করার সুযোগ আছে।
১৪ অক্টোবর ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এর পরদিন থেকেই একটি অংশ এ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করে। পদবঞ্চিত হিসেবে পরিচিতি পাওয়া এই অংশটি গত রোববার বিক্ষোভকালে এক পর্যায়ে সংঘর্ষেও লিপ্ত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা। পরে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করে ওই দিন সন্ধ্যায় বিক্ষোভ স্থগিত ঘোষণা করে।