
অবিলম্বে আলোচনার মাধ্যমে নতুন জাতীয় নির্বাচনের পরিবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমরা চাই আলাপ-আলোচনা করে সমাধানের একটি পথ বের করতে, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনতে। এ জন্য একসঙ্গে কাজ করতে চাই। যেহেতু তারা জোর করে ক্ষমতায় বসে আছে, এ দায়িত্ব তাদের।’
দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে খালেদা জিয়া এ আহ্বান জানান। ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। বিএনপি গত বছর থেকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।
দীর্ঘদিন পর এই সমাবেশ ঘিরে সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুরের আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁরা জড়ো হতে থাকেন নয়াপল্টনে সভামঞ্চের সামনে। একপর্যায়ে নয়াপল্টন সড়কের পূর্বে ফকিরাপুল মোড় ও পশ্চিমে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ পর্যন্ত জমায়েত বিস্তৃত হয়।
খালেদা জিয়া বলেন, জ্বালাও-পোড়াও, ভাঙচুর নয়; তাঁরা সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে চান। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আর জুলুম-অত্যাচার নয়। গুম, খুন, জুলুম, অত্যাচার বন্ধ করে সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন। না হলে কিন্তু জনগণ কখন জেগে উঠবে, বলা যায় না। তারপর এই জনগণকে কিন্তু ঠেকিয়ে রাখা যাবে না।’
‘কারও বিরুদ্ধে আমাদের রাগ-ক্ষোভ-দুঃখ নেই’ বলে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আসুন, সংলাপ করে, আলোচনা করে সমাধানের পথ বের করি, গণতন্ত্র ফিরিয়ে আনি। এতে কারও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ভালো থাকেন, ভদ্র থাকেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদেরও ক্ষোভ থাকবে না। যা করেছেন, ভুল করেছেন, মনে মনে তা স্বীকার করে নেন।’
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার কেবল গণতন্ত্রই হত্যা করেনি; মানুষ হত্যা করে, জোরজবরদস্তি করে ক্ষমতায় টিকে থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, ‘কথায় কথায় নতুন নতুন আইন, কেন? বিরোধী দলকে কীভাবে ফাঁদে ফেলা যায়, আটকানো যায়, সে জন্যই এই আইন। নতুন নতুন আইন করে আমাদের আটকানো যাবে না। যে আইনে জনগণের কল্যাণ হয় না, ব্যক্তিস্বার্থের জন্য হয়, তা মানুষ কখনো গ্রহণ করে না।’
গুম, খুন বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আপনাদের দিয়ে অন্যায় কাজ করাচ্ছে। এগুলো বন্ধ করুন। আমরা একসঙ্গে থাকতে চাই।’ তিনি বলেন, বাংলাদেশ ছোট দেশ। সব ধর্মের মানুষ মিলেমিশে কাজ করলে দেশ সুন্দরভাবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা পাবে।
পৌর নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা করেছে বলে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ আর নির্বাচন কমিশন মিলে গণতন্ত্র হত্যা করেছে। তিনি বলেন, দলীয় প্রতীকে পৌরসভায় মেয়র নির্বাচন দিয়ে আওয়ামী লীগ নিজেদের জনপ্রিয়তা দেখাতে চেয়েছিল। জনপ্রিয়তা দেখানোর জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রথম দুই দফার উপজেলা নির্বাচন ও পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে, নির্বাচন একটু সুষ্ঠু হলেই বিএনপি জয়ী হয়।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে। এ জন্য তারা বিদেশিদের বারবার জঙ্গিবাদের ভয় দেখায়। বলে, বিএনপি ক্ষমতায় গেলে ধর্মনিরপেক্ষতা থাকবে না, জঙ্গিবাদের উত্থান হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন জঙ্গিবাদের উত্থান হয়। তিনি বলেন, ‘কতগুলো ড্রাগ অ্যাডিক্টেড ছেলেকে ধরে নিয়ে র্যা বের হেডকোয়ার্টারে রেখে দেয়। সেখানে তাদের খেতে দেওয়া হয় না, গোসল করতে দেওয়া হয় না, দাড়ি কাটতে দেওয়া হয় না। দাড়ি বড় বড় হলে, শুকিয়ে গেলে দেখায়, এই যে আমরা জঙ্গি-সন্ত্রাসী ধরেছি।’
দীর্ঘ ৭০ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে দাম না কমানো, উড়ালসড়ক নির্মাণ, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রসহ বড় বড় প্রকল্পে দুর্নীতি, ব্যাংক ও পুঁজিবাজারে লুটপাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, সরকারি চাকরিতে নিয়োগে বৈষম্যসহ নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন। তিনি নতুন বেতন স্কেলে বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, সরকার দু-একটি ক্যাডারকে প্রাধান্য দিচ্ছে। ২৬টি ক্যাডারের কর্মকর্তারা আন্দোলন করছেন। তিনি শিক্ষকদের যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। বিগত আন্দোলনে বিএনপির ওপর নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, গত আন্দোলনে বিএনপির ৪৪০ জন নিহত, ২৬৭ জন গুম এবং ৩৩৭ নেতা-কর্মী পঙ্গু ও আহত হয়েছেন। এ ছাড়া কারাগারে বন্দী রয়েছেন অসংখ্য নেতা-কর্মী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। সরকারের ভ্রান্তনীতির কারণে দেশে আজ জঙ্গি এবং উগ্রবাদের উত্থান হয়েছে। এসবের দায়ভার সরকারকেই নিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহম্মদ, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, মো. শাহজাহান, আফরোজা আব্বাস প্রমুখ।