আলোচনা ছাড়া সমাধান হয়নি: বি. চৌধুরী

আলোচনা ছাড়া কোনো দেশের রাজনৈতিক সমস্যার সমাধান হয়নি। দ্বিতীয় পথ হচ্ছে যুদ্ধ। হয় আলোচনা, নয় যুদ্ধ-চলমান রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার গুরুত্ব এভাবেই তুলে ধরলেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুজ্জোদা চৌধুরী।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীন সাংবাদিকতা, বিপন্ন মানবতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বি. চৌধুরী এসব কথা বলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বি. চৌধুরী বলেন, ‘৫ জানুয়ারি এক নির্বাচনই বলে দিয়েছে এ দেশে গণতন্ত্র থাকবে না। বঙ্গবন্ধু যুদ্ধের আগেও আলোচনায় বসেছিলেন। এখন বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি নেই। তার পরও কেন আলোচনায় বসবেন না।’
অন্তর্বর্তীকালীন নির্বাচনের দাবি করে বি. চৌধুরী বলেন, সরকার অন্তর্বর্তীকালীন নির্বাচন দিলে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের আন্দোলন বন্ধ হবে।
আলোচনা সভায় বক্তারা পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর প্রতিনিধি মিজানুর রহমানকে পুলিশের অমানবিক অত্যাচার ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।
আয়োজক সংগঠনের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, শিক্ষাবিদ আলমগীর কবির ও সংগঠনের অন্য নেতারা।