আলোচনায় উপস্থিতি কম, মায়া-কামরুলের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের এক আলোচনা সভায় ঢাকা মহানগরের নেতা-কর্মীদের উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় র‌্যালির প্রস্তুতিসভায় মন্ত্রীরা এ ক্ষোভ প্রকাশ করেন।
বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত বিজয় র‌্যালি করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
গতকাল রোববার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কম নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠার পর দুই মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় নগর আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন এটা আল্লাহর দল, আল্লাহ চালাইব, তাহলে সভাপতিকে বলে কর্মসূচি স্থগিত করি। আর যদি বলেন, সবাই মিলে খালেদা জিয়ার হুঙ্কারের জবাব দেব, তাহলে সবাই আসবেন।’ তিনি বলেন, ‘বিজয় র‌্যালিতে সবার মাঝে সাজ সাজ ও ধর ধর ভাব থাকতে হবে। কাকে ধরবেন মনে মনে রাখবেন। ধরতে তো একদিন হবেই। কেউ যাতে বাংলাদেশের গায়ে আঁচড় দিতে না পারে সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।’
একই কারণে ক্ষোভ প্রকাশ করে কামরুল ইসলাম বলেন, ‘কর্মসূচিতে নেতাদের না যাওয়ার প্রবণতা পরিহার করতে হবে। বিএনপি যেভাবে মিথ্যাচার করছে, কাজের মাধ্যমে এর জবাব দিতে হবে। এ জন্য আমাদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী প্রমুখ।