আশরাফ নাম প্রস্তাব করেছেন, এটাই বড় চমক: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা অনেকে চমকের কথা লিখেছেন। এই চমকটা হলো সৈয়দ আশরাফই আমার নাম সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করলেন—এটাই তো বড় চমক।’ শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক। এক সপ্তাহের মধ্যে দলটির কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলী ও সদস্যপদের বাকি পদগুলো ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
আজ সোমবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমে দেওয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে ধানমন্ডি কার্যালয়ের সামনে সর্বস্তরের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ওবায়দুল কাদের। তিনি সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দলের ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন কাদের। এরপর যান গণভবনে।
সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘আমার অগ্রজ সৈয়দ আশরাফুলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাধারণ সম্পাদক হিসেবে তাঁর সাত বছরের অভিজ্ঞতা, সুচিন্তিত পরামর্শ আমার দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। আজকেও মন্ত্রিসভায় তাঁর সঙ্গে দেখা হলো। আমার অবাক লাগল, তিনি সবকিছু সহজভাবে নিয়েছেন। বিচলিত বা হতাশা তাঁর মুখমণ্ডলে দেখিনি। বরং তাঁকে আমি আজ বেশি প্রাণবন্ত দেখেছি। এটা হলো আওয়ামী লীগের রাজনীতির সৌন্দর্য।’ তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো কোনো বিষয়ে মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর হবে না। শেখ হাসিনা যেখানে আছেন, সেখানে কোনো বিভেদ প্রশ্রয় পাবে না। তাঁর নির্দেশনার বাইরে আমাদের কেউ কিছুই করবে না।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দলের সাধারণ সম্পাদক হওয়ার দায়িত্ব পালন প্রসঙ্গে কাদের বলেন, ‘নিজেকে মন্ত্রী ভাবি না। নিজেকে ভাবি দেশের কর্মী, শেখ হাসিনার কর্মী, দলের কর্মী। আগে আমি রাস্তায় যেতাম, রাস্তার কাজ করতাম। আমার দলের লোকেরা কিছু কিছু সমস্যা নিয়ে কথা বলেন। নানা বিষয়ে নানা অভিযোগও করেন, নালিশও করেন। এখন আমার সুবিধা হবে। আমি যখন তৃণমূলে যাব, তখন একদিকে রাস্তা দেখব, অন্যদিকে দলের অভিযোগগুলোও দেখব। আগে যেহেতু আমার অথোরিটি ছিল না, আমি সমাধান দিতে পারতাম না। শুধু শুনতাম। এখন আমি সমাধান স্পটেই (তাৎক্ষণিকভাবে) দিতে পারব। প্রয়োজনে মোবাইলে পার্টির সভাপতির সঙ্গে বা অন্য কারও সঙ্গে আলাপ-আলোচনা করেই স্পটেই সিদ্ধান্ত দিতে পারব। এটা আমার বাড়তি লাভ, বাড়তি কোনো পরিশ্রম নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের আচরণকে আরও শৃঙ্খলাবদ্ধ করছি, জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করার পথে আমরা এই সম্মেলনের মাধ্যমে আরেক ধাপ এগিয়ে গেছি। আমরা যদি নিজেদের বদলাতে না পারি, তাহলে আমাদের নেত্রীর স্বপ্নের বাংলাদেশ কীভাবে গড়ব? বাংলাদেশকে বদলাতে হলে প্রত্যেক নেতা-কর্মীকে বদলাতে হবে। আমাদের আচরণ বদলাতে হবে, জনগণের কাছে যেতে হবে।’ দুটি খারাপ কাজ দলের ১০টি বড় অর্জন ম্লান করে দিতে পারে বলে উল্লেখ করেন তিনি।
সম্মেলনে আওয়ামী লীগের অঙ্গীকারের বিষয়ে কাদের বলেন, ‘এই সম্মেলনের যে অঙ্গীকার রয়েছে—একটা হলো শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক উগ্রবাদকে রুখব, পরাভূত করব, প্রতিহত করব। আমাদের আরেকটা এজেন্ডা রয়েছে, আগামী নির্বাচন। নির্বাচনের জন্য নেত্রী যে ডাক দিয়েছেন, আমরা আমাদের নেত্রীর ডায়নামিক, ভিশনারি লিডারশিপের নেতৃত্বে শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তুলব। আমাদের তৃণমূল পর্যায়ে জনসংযোগ সুদৃঢ় ও বিস্তৃত করব এবং নির্বাচনের সমুদয় প্রস্তুতি এখন থেকে শুরু করব।’
সাধারণ সম্পাদক পদকে পরিশ্রমের পুরস্কার উল্লেখ করে কাদের বলেন, ‘আমি আমার পরিশ্রমের পুরস্কার পেয়েছি। আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি। নেত্রী আমাকে রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছেন। আমি নেত্রীর কাছে, আমার অভিভাবকের কাছে আমি কৃতজ্ঞ। তাঁকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। তিনি আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি আমার সব ঘাম, শ্রম, মেধা দিয়ে উজাড় করে দেব, নেত্রীর আস্থার পবিত্রতা রক্ষা করতে।’
তাঁকে নিয়ে আঞ্চলিক স্লোগান থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে নোয়াখালী-৫ আসনের এই সাংসদ বলেন, ‘এখানে যখন উঠছিলাম, তখন কিছু আঞ্চলিক স্লোগান উঠছিল। আমি কোনো অঞ্চলের নই। নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের। এটা এক সুবিশাল দায়িত্ব। এখানে কোনো আঞ্চলিকতা থাকবে না। আমার বাড়ি ও নির্বাচনী এলাকা এক জায়গায় আছে। কিন্তু আমার পার্টি সবকিছুর ঊর্ধ্বে। তার ঊর্ধ্বে আমার দেশ। নিরপেক্ষভাবে আমি যদি দায়িত্ব পালন না করি, তাহলে নেত্রী যে আস্থায় দায়িত্ব দিয়েছেন, তার অমর্যাদা হবে।’
আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির যোগ না দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘অভিনন্দন দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে। বিএনপির মহাসচিব অভিনন্দন জানিয়েছেন, আমরা তাঁকেও শুভেচ্ছা জানাই। এই শুভেচ্ছাটা মনেপ্রাণে জানাতে পারতাম, যদি তাঁরা দাওয়াতে আসতেন। আমরা তাঁদের মনপ্রাণে ও খোলামনে দাওয়াত দিয়েছি। তাঁরা কথা দিয়ে তা রাখলেন না। এই অভিনন্দনের মধ্যে অন্য কিছু খুঁজতে চাই না। তবে তাঁরা সম্মেলনে এলে কেউ জানতে চাইত না “ডালমে কুছ কালা হ্যায়”।’
এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আবদুর রহমান, সদ্যবিলুপ্ত কমিটির নেতা হাছান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
আশরাফের যাওয়া, কাদেরের আসা