আশরাফকে ধন্যবাদ দিলেন নোমান
বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল জাসদ—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ বক্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। জাসদের উদ্দেশে তিনি বলেন, আসলে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আওয়ামী লীগের ঘরের শত্রু বিভীষণ বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরে রেলওয়ে অফিসার্স ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী এবং ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন আবদুল্লাহ আল নোমান।
গণতন্ত্র ও বাক্স্বাধীনতা না থাকায় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেছেন আবদুল্লাহ আল নোমান। তাঁর দাবি, জঙ্গি দমনের নামে সরকার সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি ও গণগ্রেপ্তার চালাচ্ছে।
সভায় বিএনপির এই নেতা বলেন, সরকার ভিন্নমতের মানুষকে দমন করছে। কিন্তু জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে দেশকে মুক্ত করছে না। এটা এখন জাতীয় সংকট। এই সংকট দূর করতে সর্বদলীয় সংলাপ আহ্বান করতে হবে। একই সঙ্গে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরে যেতে হবে।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় অংশ নেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।