আশরাফের জাতীয় ঐক্যের বক্তব্যকে স্বাগত বিএনপির
আমরা আর বিভক্তি দেখতে চাই না, ঐক্যবদ্ধ হতে চাই—জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে বিএনপির অভিযোগ, মুখে বললেও ক্ষমতাসীনেরা বিভাজনের রাজনীতি অবসানে আন্তরিক নয়।
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে বলেন, ক্ষমতাসীনেরা একদিকে মুখে বিভাজনের রাজনীতির অবসানের কথা বলছেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর দমন-নির্যাতন চালাচ্ছেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, একদিকে সৈয়দ আশরাফ জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে তাঁর দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বিএনপির অনুপস্থিতিতে বলেছেন, জিএসপি সুবিধা বাতিলের পেছনে বিএনপি ও ড. ইউনূস দায়ী। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকতে খালেদা জিয়া তৈরি পোশাক খাতের উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমাদের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী সংসদে এমন অভিযোগ করেছেন, যা সত্য নয়। আমরা এর নিন্দা জানাই।’
বিএনপি এখন কফিনে—এইচ এম এরশাদের এ বক্তব্য সম্পর্কে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান বলেন, ‘স্বৈরশাসক এরশাদ এখন থুতু বাবা। বাংলাদেশের রাজনীতিতে তাঁর কথার কোনো মূল্য নেই। তিনি সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলেন।’