আশরাফের বক্তব্য সত্য নয়: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে দাওয়াত পাননি বলে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য সত্য নয় বলে বলছে বিএনপি।

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়। এ সময় সেখানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও ছিলেন। এরপরও দাওয়াত পাননি বলে সৈয়দ আশরাফ যে কথা বলেছেন, তা সত্য নয়। তাঁর মতো একজন স্বনামধন্য ও পরিচিত রাজনীতিকের মুখে এ ধরনের অসত্য কথা মানায় না।

রিজভী বলেন, অনেক বাধা-বিপত্তির মুখেও লাখ লাখ নেতা-কর্মীর উপস্থিতিতে বিএনপির জাতীয় সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। এ জন্য সবাইকে দলের চেয়ারপারসনের পক্ষ থেকে ধন্যবাদ।

এই সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।