আশরাফের বক্তব্যের বিরুদ্ধে জাসদের তিন অংশই
মতের মিল না হওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এখন তিনটি অংশে বিভক্ত। তবে জাসদ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যের বিরুদ্ধে একমত ওই তিনটি অংশই। সব কটি অংশের শীর্ষ নেতাদের আহ্বান, দেশের এমন পরিস্থিতিতে কাদা-ছোড়াছুড়ি উচিত নয়।
সৈয়দ আশরাফ গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছাত্রলীগের এক সভায় মন্তব্য করেন, জাসদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক-বাহকেরা ১০০ ভাগ ভণ্ড। তিনি বলেন, জাসদ থেকে মন্ত্রী করায় আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার জাসদের তিন অংশের নেতারা ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন।
সৈয়দ আশরাফুলের মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী ও জাসদ (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু আজ মঙ্গলবার ঝিনাইদহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘দেশে এখন সাধারণ নাগরিকের ওপর আক্রমণ হচ্ছে। এখন ১৪ দলের অভ্যন্তরে কোনো দলাদলি, কাদা-ছোড়াছুড়ির সময় না। এই মুহূর্তটি হচ্ছে ঐক্য রক্ষার সময়।’ তিনি বলেন, ‘১৯৭২-৭৫ সালের ঘটনাটি ইতিহাসের পাতায় চলে গেছে। এটা ইতিহাসচর্চার সময় না। পঁচাত্তরের পূর্বাপর ঘটনা বিশ্লেষণ করেই জাসদ-আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ঐক্যের সিদ্ধান্ত নিয়েছি। তার ভিত্তিতেই ১৪ দল গড়ে উঠেছে। এই ঐক্য দেশের জন্য মঙ্গলজনক; যা ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি। সুতরাং কাদা-ছোড়াছুড়ি বন্ধ করুন।’
জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আজ এক বিবৃতিতে বলেন, ‘আশরাফ সাহেবদের মতো কিছু লোক বঙ্গবন্ধু হত্যার রাজনৈতিক প্রেক্ষাপট তৈরির জন্য জাসদকে অভিযুক্ত করেছেন যে সময়, যখন গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আরও বৃহত্তর ঐক্যের জন্য চেষ্টা করে যাচ্ছি। তাঁর এ বক্তব্য অসময়োচিত, বিভ্রান্তিকর এবং জাসদ কর্মীদের জন্য বিব্রতকর।’
আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাসদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছে, ‘সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য অগ্রহণযোগ্য-অন্যায্য ও অনভিপ্রেত। বঙ্গবন্ধু হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী।’
জাসদের এই অংশের বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের দলীয় ভুল রাজনীতি বঙ্গবন্ধুকে দলীয় আবর্তে বন্দী করে, ঔপনিবেশিক শাসনের বেড়াজালে আবদ্ধ করে—জনগণ থেকে ক্রমাগত বিচ্ছিন্ন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগই সরকার গঠন করে। ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর লাশ রেখে আওয়ামী লীগের নেতারাই মন্ত্রী হিসেবে শপথ নেন।