আশা আর সংশয়ের মাঝে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বিএনপি বলেছিল, তারা খুশি হয়েছে। কিন্তু বাস্তবে এই সংলাপ কতটুকু সফল হবে, তা নিয়ে আশা-সংশয়ের মাঝে আছে দলটি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংলাপের ফল নিয়ে তাঁদের একাংশ আশাবাদী। আরেক অংশ আছে সংশয়ে। এই সংশয় তৈরি হওয়ার মূল কারণ, সরকারের প্রকাশ্য মনোভাব ও রাজনৈতিক সংস্কৃতি। তাঁরা মনে করছেন, রাষ্ট্রপতির সংলাপ স্রেফ আনুষ্ঠানিকতা। এটি শুধু সময় নষ্ট করা। বিএনপিকে ব্যস্ত রাখার কৌশল। অন্যদিকে নেতাদের অনেকে আশাবাদী। তাঁরা মনে করছেন, রাষ্ট্রপতির বক্তব্যে ইঙ্গিত আছে। রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বক্তব্যে বলা হয়েছে, বিএনপির প্রস্তাব নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। সরকারপ্রধানের ইতিবাচক মনোভাব না থাকলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই বক্তব্য দেওয়া হতো না। তাঁরা এখনই আওয়ামী লীগের কথার জবাব না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পক্ষে।

গত রোববার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে উভয় পক্ষই আশাবাদের কথা জানিয়েছিল। কিন্তু ওই দিন এবং পরদিন গতকাল সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংলাপের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেন। গতকাল তিনি বলেন, দেখা যাক বিএনপির খুশি খুশি ভাব কত দিন থাকে। তাঁর এই বক্তব্য নিয়ে বিএনপির ভেতরেও নানামুখী আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, বিএনপি সব সময় আশার আলো দেখতে চায়। কিন্তু আওয়ামী লীগের চরিত্রই হলো তারা বিরোধী দলকে দমন করতে চায়, হেয়প্রতিপন্ন করতে চায়। পরিবেশ তৈরির কোনো ইঙ্গিত আওয়ামী লীগের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। বিএনপি আলোচনা চায়। আলোচনার মাধ্যমে যে সমাধান আসবে, তা বিএনপি মেনে নেবে। তবে এটি পরিষ্কার, আওয়ামী লীগ ভিন্ন মোড়কে একদলীয় শাসন কায়েম করতে চায়। তারা যদি আসলেই মৌলিক গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে চায়, তাহলে তাদের ইতিবাচক চিন্তা করতে হবে। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ওনারা যে ভাষায় কথা বলেন, সেভাবে কথা বলার, উত্তর দেওয়ার রুচি আমাদের নেই।’

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আশাবাদের কথা বলা হলেও তিনি ব্যক্তিগতভাবে আশাবাদের কিছু দেখেন না। কারণ, সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী যা চাইবেন, সেটিই হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা নেতিবাচক। তা ছাড়া, এখানে হঠাৎ করে অলৌকিক কিছু হয়ে যাবে, এমন আশা করাও ভুল। দেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় নিতে হবে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সংলাপের শুরুটা ভালো হয়েছে। বিএনপি আশাবাদী। একটি সংলাপের পরই আগেভাগে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে এটা ঠিক, রাষ্ট্রপতির আশাবাদের সঙ্গে সঙ্গে সরকারের আন্তরিকতাও থাকতে হবে।