আসছেন কাদের-ফখরুল, নির্বাচনী মাঠে প্রাণচাঞ্চল্য
একই দিনে রংপুরে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের দুই কেন্দ্রীয় নেতার আগমনের খবরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই দলের দুই নেতার আসার খবরে স্থানীয়দের মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাল রোববার রংপুরে আসছেন। তাঁরা রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নয়, সম্প্রতি ফেসবুকে পোস্টের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া এলাকা পরিদর্শনে আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে তাঁদের আগমনের খবরে নির্বাচনের মাঠে উত্তাপ ছড়াচ্ছে।
জেলা আওয়ামী লীগ ও বিএনপি সূত্রে জানা গেছে, কোনো নেতাই নির্বাচন উপলক্ষে রংপুরে আসছেন না। তাঁরা রংপুর সফর করছেন মূলত গঙ্গাচড়া উপজেলার খলেয়া গ্রামে হিন্দু পরিবারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসবেন সকাল ১০টায়। আর বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সকালে রংপুর এলেও খলেয়া গ্রামে যাবেন সেতুমন্ত্রী চলে যাওয়ার পর। ঘটনাস্থল পরিদর্শন শেষে দুই নেতাই তাঁদের নিজ নিজ দলের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনায় নির্বাচনী প্রসঙ্গ প্রাধান্য পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ শনিবার আওয়ামী লীগের মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন। গতকালও তিনি একই রকম সভা করেছেন দলের মহানগর কমিটির সঙ্গে। এবার আওয়ামী লীগের পক্ষে ১৭ জন নেতা মেয়র পদে মনোনয়ন প্রার্থী ছিলেন। মনোনয়ন না পাওয়ায় তাঁদের মনে যে দুঃখ বোধের সৃষ্টি হয়েছিল, এই দুই মতবিনিময় সভায় তা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন বর্তমান মেয়র। তিনি প্রথম আলোকে বলেন, সব মতপার্থক্য ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন। ব্যক্তি নয়, দলকে জেতানোর জন্য সবাই মাঠে কাজ করবেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্ত অনুসারেই তাঁরা কাজ শুরু করেছেন। ওয়ার্ড কমিটির নেতা-কর্মীদের মাঠে নেমে জনসংযোগ করতে বলা হয়েছে। বিধিমালা অনুসারে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। তখন দলীয় কার্যক্রম আরও দৃশ্যমান হবে।
এদিকে বিএনপির পক্ষ থেকে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচন কতখানি সুষ্ঠু হবে, পরিবেশ কতটা শান্তিপূর্ণ থাকবে—এসব নিয়ে তাঁরা এখনো শঙ্কিত। এখনো তাঁরা স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। দলের মহাসচিবের সঙ্গে কাল এসব নিয়ে তাঁদের কথা হবে। তিনি কোনো দিকনির্দেশনা দিলে সেই অনুযায়ী কাজ করা হবে।
বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী ছয়জন। তবে তাঁদের মধ্যে শুধু মহানগর বিএনপির সহসভাপতি কাওসার জামান মনোনয়নপত্র নিয়েছেন। তিনি মাঠে ব্যস্ত সময় পার করছেন। আজ শনিবার সন্ধ্যায় তিনি ১ নম্বর ওয়ার্ডের মনোহর চওড়াপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন। কাওসার জামান প্রথম আলোকে বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সে ক্ষেত্রে তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমানও প্রতিদিন গণসংযোগ করছেন। আজ শনিবার তিনি কেন্দ্রীয় বাস টার্মিনাল, পিরজাবাদ ও নিসবেতগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ভোটারদের কাছ থেকে তিনি ভালো সাড়া পাচ্ছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সংগঠনের জেলা সভাপতি এ টি এম গোলাম মোস্তফা। এ ছাড়া সম্ভাব্য মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এখন পর্যন্ত ছয়জন। নির্বাচনী প্রচারণায় তাঁরাও মাঠে নেমেছেন।