দলীয় প্রার্থীদের নাম এখনো ঘোষণা হয়নি। হাওয়ায় ভাসছেন পুরোনো সাংসদেরা—আবার প্রার্থী হতে পারেন। এ কারণে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের তৃণমূল নেতা–কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে অসন্তোষ।
স্থানীয় নেতা–কর্মীদের অভিমত, পুরোনো তিনজন আবার আওয়ামী লীগ বা মহাজোটের সাংসদ প্রার্থী হলে তাঁদের জিতিয়ে আনা কঠিন হবে।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে চট্টগ্রাম–৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর–খুলশী) আসনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি আফছারুল আমীন এবং চট্টগ্রাম–১১ (পতেঙ্গা–বন্দর) আসনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফ সাংসদ হন। এর আগে ২০০৮ সালের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আফছারুল আমীন এবং এম এ লতিফ সাংসদ হন। কিন্তু তখন তাঁরা জিতলেও ভোটের ব্যবধান কম ছিল। ২০০৮ ও ২০১৮ সালের পরিস্থিতি একরকম নয় বলে নেতা–কর্মীদের ভাষ্য।
দলীয় নেতা–কর্মীদের অভিযোগ, চট্টগ্রাম নগরের তিন সাংসদের সঙ্গে আওয়ামী লীগ বা মহাজোটের নেতা–কর্মীদের সম্পর্ক ঘনিষ্ঠ নয়। তাঁরা কার্যত ‘গণবিচ্ছিন্ন’।
তৃণমূল নেতা-কর্মীদের অভিমত সম্পর্কে সাংসদ আফছারুল আমীন প্রথম আলোকে বলেন, ‘এরা কারা? এসবকে আমি পাত্তা দিচ্ছি না।’ জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘তৃণমূলের প্রতিটি নেতা–কর্মী আমার সঙ্গে যোগাযোগ করছেন। এই আসনে সবাই আমাকে চায়। নেতা–কর্মীরা ঐক্যবদ্ধ আছেন।’ তবে যোগাযোগের চেষ্টা করে সাংসদ এম এ লতিফের বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার মধ্যে তিনটি পূর্ণাঙ্গ আসন রয়েছে। আসনগুলো হচ্ছে চট্টগ্রাম–৯, চট্টগ্রাম–১০ ও চট্টগ্রাম–১১। সিটি করপোরেশনের আরও কয়েকটি ওয়ার্ড হাটহাজারী ও বোয়ালখালী উপজেলার সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে চট্টগ্রাম–৫ ও চট্টগ্রাম–৮ আসন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম–৯ আসনে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, চট্টগ্রাম–১০ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম–১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মনোনয়ন পাওয়া একপ্রকার নিশ্চিত। কিন্তু তাঁদের মোকাবিলা করতে শক্তিশালী প্রার্থী চাচ্ছেন আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য ও পাহাড়তলী থানা শাখার সভাপতি নুরুল আবছার মিয়া ক্ষোভের সঙ্গে প্রথম আলোকে জানান, আফছারুল আমীন তাঁর নিকটাত্মীয়। তিনি দুবার এমপি হয়েছেন। কিন্তু আগের মতো দলীয় নেতা–কর্মীদের মধ্যে আফছারুল আমীনের গ্রহণযোগ্যতা নেই। একইভাবে এম এ লতিফ এবং জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জন্য তৃণমূল নেতা–কর্মী তথা তরুণ ভোটাররা কাজ করবেন বলে মনে হয় না।
নুরুল আবছার মিয়া বলেন, বিএনপির আমীর খসরু, আবদুল্লাহ আল নোমান এবং শাহাদাতকে মোকাবিলা করতে হলে সে রকম নেতাকে প্রার্থী দিতে হবে। চট্টগ্রামে যোগ্য প্রার্থীর অভাব নেই। একই রকম ভাবনা নগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হকের। তিনি বলেন, চট্টগ্রাম নগরে পুরোনো তিনজনকে মনোনয়ন দেওয়া হলে কর্মীরা কাজ করবেন কি না সন্দেহ আছে। তবে পরিচ্ছন্ন ভাবমূর্তির অনেক নেতা চট্টগ্রামে আছেন।
আওয়ামী লীগের তৃণমূল কর্মী আশরাফ হোসেনের অভিমত, চট্টগ্রাম নগরের তিনজন এমপি নেতা–কর্মীবান্ধব নন। এ ছাড়া মহিউদ্দিন চৌধুরী এবং মেয়র আ জ ম নাছির গ্রুপের প্রভাবও আগামী সংসদ নির্বাচনে পড়তে পারে।
২০১৪ সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, চট্টগ্রাম–১১ আসনে এম এ লতিফের পক্ষে কর্মীরা কাজ করেননি। এ কারণে ওই আসনে মাত্র ১৩ দশমিক ৭৩ শতাংশ ভোট পড়েছিল। লতিফের প্রাপ্ত ভোট ছিল ৬৪ হাজার ৩২। তখন ভোটারের সংখ্যা ছিল ৪ লাখ ৮৪ হাজার ৯৭৯। অথচ জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে ভোট পড়েছিল ৩২ দশমিক ৫৪ শতাংশ। তুলনামূলক বিশ্লেষণে জানা যায়, লতিফের পক্ষে তখন কর্মীরা কাজ করেছেন কম।