চলতি মাসের মধ্যেই ঢাকা মহানগর আওয়ামী লীগের ৫০ থানা, ৯৩ ওয়ার্ড ও ১৭টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন হচ্ছে। আওয়ামী লীগের দুই মহানগরের নেতারা এ জন্য কয়েক দফায় বৈঠক করে কাজও শুরু করে দিয়েছেন।
দুই মহানগর আওয়ামী লীগের নেতারা বলেন, একেকটি থানা, ওয়ার্ড বা ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদক, সদস্যসহ ৬৫ থেকে ৬৬ জন নেতা থাকবেন। সেই হিসাবে এই ১৬০টি কমিটিতে প্রায় সাড়ে ১০ হাজার নেতা পদ পাবেন। এর ফলে সংগঠন অনেক এগিয়ে যাবে বলে মনে করছেন নেতারা।
জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রথম আলোকে বলেন, ‘উত্তরে আমাদের ২৬টি থানা, ৩৬টি ওয়ার্ড ও ৯টি ইউনিয়ন। ৩১ মের মধ্যেই সব কমিটি যেন পূর্ণাঙ্গ করা যায়, সে জন্য আমরা পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। একেকটি কমিটিতে ৬৫ থেকে ৬৬ জন সদস্য থাকবেন। আমরা আশা করছি, এ মাসেই কমিটিগুলো গঠন করতে পারব।’
দক্ষিণে ২৪টা ওয়ার্ড, ৫৭টি থানা ও ৮টি ইউনিয়ন রয়েছে জানিয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সোমবার রাতে উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা দীর্ঘ সময় বৈঠক করেছি। আশা করছি, ৩১ মের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারব।’
মহানগর আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, কমিটিগুলো পূর্ণাঙ্গ করার জন্য কয়েক মাস ধরেই তাঁরা কাজ করছিলেন। কিন্তু নানা কারণেই সম্ভব হচ্ছিল না। গতকাল সোমবার বিকেলে ১৯ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩১ মের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন। এরপরই মহানগরের নেতারা বৈঠকে বসেন। সেখানেই কমিটিগুলো পূর্ণাঙ্গ করার কাজ এগিয়ে নিতে এবং চলতি মাসের মধ্যেই শেষ করার সিদ্ধান্ত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে গতকালের অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্য নবায়ন কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর, আপনারা আগে নিজেরা নিজেদের সদস্যপদ নবায়ন করবেন। এরপর সদস্য সংগ্রহ শুরু করবেন। নতুন সদস্য সংগ্রহের জন্য প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বুঝিয়ে আওয়ামী লীগের সদস্য করবেন।’