আসন্ন সম্মেলনে আ.লীগে নারী সদস্য বাড়ানোর দাবি
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৩ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে নারী সদস্য আছেন মাত্র নয়জন। শতকরা হারে যা ১২ দশমিক ৩৩। ২০২০ সালের মধ্যে এ হার ৩৩ শতাংশ বাড়ানোর লক্ষ্যে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে দলের বিভিন্ন স্তরের কমিটিতে নারী সদস্যসংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ। ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও): রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্তির বর্তমান চিত্র ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে বলা হয়, ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে উল্লেখযোগ্যসংখ্যক নারী সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংঘের নির্বাহী কমিটির সহসভাপতি আফরোজা বানু।
লিখিত বক্তব্যে বলা হয়, আরপিও অনুসারে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার শর্ত দিয়েছে। এতে বলা আছে, কেন্দ্রীয় কমিটিসহ রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে কমপক্ষে ৩৩ শতাংশ সদস্যপদ নারী সদস্যদের জন্য সংরক্ষণ করতে হবে। ২০২০ সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এটি অর্জন করতে না পারলে ইসি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ঘোষণা দিতে পারে। লক্ষ্য অর্জনের জন্য হাতে আছে মাত্র চার বছর। ১৯তম কাউন্সিলের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ৭৩ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে নারী সদস্য আছেন মাত্র নয়জন। অর্থাৎ ১২ দশমিক ৩৩ শতাংশ।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নিবন্ধিত রাজনৈতিক দলের একটিও ২০২০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে তেমন কোনো সন্তোষজনক অগ্রগতি দেখাতে পারেনি। দলগুলো পর্যায়ক্রমে কবে ও কী হারে নারীর অংশগ্রহণ বাড়িয়ে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, তা-ও প্রকাশ করেনি।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, সংঘের সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী এবং সদস্য পারভীন সুলতানা। তাঁরা বলেন, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে বড় রাজনৈতিক দলসহ সব কটি দলের অবস্থাই খারাপ।