আসন্ন সম্মেলনে দলে বিশুদ্ধ রক্তের সঞ্চালন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সম্মেলনের মাধ্যমে দলে বিশুদ্ধ রক্তের সঞ্চালন হবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। দলীয় প্রধান শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আজ আমরা স্লোগান দিচ্ছি প্রযুক্তির সঙ্গে, নেতৃত্বে সমন্বয়ে। নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনে আমাদের নেত্রী শেখ হাসিনা বিশুদ্ধ রক্তের সঞ্চালন করবেন। অনেক পার্টি তরুণকে নেতৃত্বে এনে বড়াই করেন। দূষিত রক্ত সঞ্চালন করে লাভ নেই। বিশুদ্ধ রক্ত সঞ্চালন আওয়ামী লীগে হবে। নতুন রক্ত মানে বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে।’

আলোচনা সভা চলার সময়ই সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর খবর আসে। নিজের বক্তব্যে কাদের বলেন, ‘তিনি (সৈয়দ হক) ছিলেন আমাদের নেত্রীর অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় ব্যক্তি। তাঁকে স্বাধীনতা পদক দিতে গিয়ে নেত্রী বলেছিলেন, স্বাধীনতা পদক দিতে পেরে আমি নিজে সম্মানিত বোধ করছি।’

আলোচনা সভায় বিপুলসংখ্যক বক্তা থাকার বিষয়টি উল্লেখ করে ওবায়দুল কাদের মহানগর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, ‘একটা মিটিং যখন করবেন, একটু সাজিয়ে নেবেন। কারা কারা বক্তব্য দেবেন, কে কতক্ষণ বলবেন—এই বিষয়গুলোর আলাপ-আলোচনার দরকার আছে। আপনি আমাকে প্রধান অতিথি করলেন, আমি আসলাম। মাগরিবের আজান হয়ে গেছে, এখন আমি কী বলব? এখন কি বক্তব্য দেওয়া আমার সমীচীন? এর আগেও আমি আপনাদের মিটিংয়ে আসিনি। তাহলে প্রধান অতিথি হয়ে আমার লাভ কী হলো? এই ট্র্যাডিশনগুলো যদি বাদ না দেন, এই ট্র্যাডিশন থেকে যদি বেরিয়ে না আসেন, তাহলে পার্টি এগোবে না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘উন্নয়ন-অগ্রগতিতে নেত্রী ডিজিটালাইজেশন করেছেন। আমাদের আচার-আচরণে ডিজিটাল হওয়ার প্রয়োজন নেই। আওয়ামী লীগের ঐতিহ্য সিনিয়রদের সম্মান করা, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। আচার-আচরণে অ্যানালগ হতে হবে। উন্নয়ন-অর্জন ডিজিটালে থাক, আমাদের আচার-আচরণ অ্যানালগ থাকুক।’

শেখ হাসিনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার ৭০তম জন্মদিনে আমি বলতে চাই, বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা ৭০ বছর উন্নয়ন-অর্জনে এগিয়ে নিয়ে গেছেন। এই লিগ্যাসির কোনো দিনই মৃত্যু হবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।