আসল খুনিদের আড়াল করার চেষ্টা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো হত্যাকাণ্ড হলেই বিএনপি-জামায়াতকে দায়ী করে সরকার আসল খুনিদের আড়াল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘যখনই কেউ মারা যায়, তখন সারিন্দা বাজানোর মতো তারা বলেই চলছে যে এর জন্য বিএনপি-জামায়াত দায়ী।’
গতকাল শনিবার দুপুরে পুরানা পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে লেবার পার্টি আয়োজিত এক শ্রমিক সমাবেশে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি বলেন, ‘একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যদি রায় দিয়ে দেওয়া হয় যে এর জন্য দায়ী অমুক। তাহলে তার অধস্তন কোন কর্মচারীর সাহস আছে যে এর বাইরে অন্য কোনো রিপোর্ট করবে, তদন্তে যা-ই পাওয়া যাক না কেন। এভাবে তদন্ত ও বিচারকে প্রভাবিত করার ফলেই এই হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বারবার বলছি, খুনি ও জঙ্গিদের ধরার জন্য বিএনপি সহযোগিতা করতে রাজি আছে। তারপরও রাজনৈতিক কারণে অভিযোগ তুলে আসল খুনিকে আড়াল করার যে চেষ্টা, এটার কারণটা কী তা তদন্তের বিষয়।’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আজ তনু হত্যার বিচার হচ্ছে না। পত্রিকায় দেখলাম তাঁর পরিবার বলেছেন, আল্লাহর কাছে বিচার দিলাম। ব্লগার অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় বলেছেন, আসলে সরকারের আগ্রহ নেই বিচার করার। প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।