আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন। এর আগে নাশকতার দুটি মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর দণ্ডবিধির ১২০ (বি), ১২১ (৩) ও ১২৪ (এ) ধারায় এই মামলা করা হয়েছে।
মামলায় আসলামের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়েছে।
১৫ মে সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন ফৌজদারি কার্যবিধির (সন্দেহজনক) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৪ মে আসলাম চৌধুরীকে আদালতে হাজির করে মতিঝিল ও লালবাগ থানায় করা নাশকতার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই দুই মামলায় ডিবি ১০ দিন করে রিমান্ড চাইলে আদালত ৩০ মে শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আসলাম চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের প্রতিটি বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কবার্তা পাঠানো হয়। ডিবি কর্মকর্তারা বলেন, রাষ্ট্রদ্রোহের মামলায়ও আসলাম চৌধুরীকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
গতকাল দুপুরে রাজারবাগে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে আসলাম চৌধুরীর দেওয়া তথ্যে এটা স্পষ্ট যে তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টি ও মোসাদের সঙ্গে যোগাযোগ করে তিনি দেশে অরাজকতা সৃষ্টি, অস্থিতিশীল পরিবেশ তৈরি ও সরকারকে অজনপ্রিয় করার মাধ্যমে উৎখাতের পরিকল্পনা করেছিলেন। এ বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় সরকারের কাছে মামলা করার অনুমতি চাওয়া হয়। অনুমতি পাওয়া গেছে এবং আজকেই (বৃহস্পতিবার) মামলা রুজু হবে।
আইজিপি শহীদুল হক আরও বলেন, আসলাম এরই মধ্যে স্বীকার করেছেন যে তিনি অর্থের বিনিময়ে লিকুদ পার্টির নেতার সঙ্গে চুক্তি করেছিলেন। সরকার উৎখাতের ষড়যন্ত্রে সহায়তার জন্য আসলাম তাঁকে ওই টাকা দেবেন। তদন্তে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।
সম্প্রতি লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। ইসরায়েলের ওই নেতার সঙ্গে তিনি ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। অবশ্য আসলাম রিমান্ডে পুলিশের কাছে বৈঠকের কথা অস্বীকার করে ব্যবসায়িক কারণে বিভিন্নজনের সঙ্গে তাঁর দেখা হওয়ার দাবি করেন।
রাজারবাগের অনুষ্ঠানে: এর আগে রাজারবাগে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটি) আয়োজনে এক কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে আইজিপি শহীদুল হক বলেন, দেশের শান্তি বিনষ্ট করে যারা জঙ্গি ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে, তাদের ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক হয়ে কঠোর অবস্থান নিতে হবে।
ডিএমপি ও সিঙ্গাপুরের ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চ (আইসিপিভিটিআর)’ যৌথভাবে ২ মে থেকে পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করেছিল। গতকাল ছিল এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৭০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কাউন্টার টেররিজমের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজিপি অমূল্য ভূষণ বড়ুয়া ও মাইনুর রহমান চৌধুরী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শাহাবুদ্দিন কোরেশী, আইসিপিভিটিআরের প্রতিনিধি জোলেন জেরার্ড ও অধ্যাপক রোহন গুনারত্না প্রমুখ উপস্থিত ছিলেন।