আসলাম চৌধুরীর সঙ্গে মোসাদের যোগাযোগের অভিযোগ অবাস্তব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা আসলাম চৌধুরীর সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যোগাযোগের অভিযোগকে অবাস্তব, কল্পনাপ্রসূত এবং হাস্যকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা এক বিবৃতিতে এই মন্তব্য করেন। পাশাপাশি আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা জানান তাঁরা।
বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান প্রমুখ।
বিবৃতিতে তাঁরা অভিযোগ করেন, ‘ক্ষমতাসীন অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখতে ভিন্নমত, ভিন্নপথ ও বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে প্রতিনিয়ত। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।’