আসলাম দেশ নিয়ে ষড়যন্ত্র করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী দেশ নিয়ে ষড়যন্ত্র করেছেন। কিন্তু কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। একে একে সবাইকেই ধরে ফেলা হচ্ছে।
আজ শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নবগঠিত মহিপুর থানার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার মানুষের জন্য নিরাপত্তা এবং বঙ্গোপসাগরে জলদস্যুতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যার কারণেই মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করা হয়েছে। তিনি মহিপুর থানার জন্য একটি পুলিশ ভ্যান দেওয়ারও আশ্বাস দেন।
মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম আকনের সভাপতিত্বে ওই জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান প্রমুখ।