আসলামকে নিয়ে কল্পকাহিনি সাজিয়েছে সরকার: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ‘মুসলমানবিদ্বেষী’ চরিত্র আড়াল করতে ইসরায়েল ও বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নিয়ে কল্পকাহিনি সাজানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে রিজভী এ দাবি করেন। বিগত আন্দোলনে ‘পুলিশের হাতে গুম, খুন, নিগ্রহের শিকার’ নেতা-কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য জাতীয়তাবাদী হেল্প সেল নামের একটি সংগঠন ওই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে চারটি পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান দেওয়া হয়। এটি তাদের হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। তিনি ব্রিটেনের ইকোনমিস্ট পত্রিকাকে উদ্ধৃত করে বলেন, বিষাক্ত রাজনীতির কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আজকে আপনি আসলাম চৌধুরীকে নিয়ে ইসরায়েলের মোসাদ মোসাদ বলছেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতকে বাদ দিয়ে আপনি কেন সেদিন রাশিয়াকে সমর্থন করেছিলেন? আপনি কেন সেদিন মুসলিম রাষ্ট্রকে বাদ দিয়ে রাশিয়াকে সমর্থন করেছেন? আপনি মুসলিম প্রধানমন্ত্রী হলেও মুসলিমবিদ্বেষী। আপনি মুসলমানদের মানসলোকে শত্রুতে পরিণত হয়েছেন। এই ঘটনা আড়াল করতেই আপনি ইসরায়েল, মোসাদ, আসলাম চৌধুরী কল্পকাহিনি সাজিয়েছেন।’
রিজভী অভিযোগ করেন, ক্ষমতাসীনেরা নিজেদের ধর্মনিরপেক্ষ হিসেবে দেখানোর চেষ্টা করলেও এই সরকারের আমলে সব ধর্মের মানুষ নির্যাতিত হয়।
ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নূরুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক মীর হেলাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।