আসলামের ছবি প্রচারে ভারতের গোয়েন্দা সংস্থা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ মনে করেন, তাঁদের দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে একজন ইসরায়েলি নাগরিকের যে ছবি প্রচার হয়েছে, এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত আছে। বিএনপিকে অপবাদ দেওয়ার জন্য এটি করা হয়েছে বলে তিনি দাবি করেন।
আজ রোববার দুপুরে ফারাক্কা লংমার্চ স্মরণে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সভায় হান্নান শাহ এসব কথা বলেন। বিএনপি নেতৃতত্বাধীন জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ওই সভার আয়োজন করে।
হান্নান শাহ বলেন, ছবির বিষয়টি তাঁরা অস্বীকার করছেন না। তবে ওই ইসরায়েলি নাগরিকের অনুরোধে আসলাম চৌধুরী ছবি তুলেছেন। এ ঘটনার জন্য তিনি আসলামের বোকামীকেও দায়ী করেন।
হান্নান শাহ বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অনেক নদীর পানি শুকিয়ে গেছে। দেশের কিছু ‘দালালের’ কারণে বাংলাদেশ অধিকার বঞ্চিত হচ্ছে। এ সরকার মানুষের অধিকার রক্ষায় কাজ করবে না।
জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।