বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, তাঁদের দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে একজন ইসরাইলির যে ছবি প্রচার করা হয়েছে, তার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত আছে। বিএনপিকে অপবাদ দেওয়ার জন্য এটি করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ফারাক্কা অভিমুখে লং মার্চ স্মরণে গতকাল রোববার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সভায় হান্নান শাহ এসব কথা বলেন। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ওই সমাবেশের আয়োজন করে।
হান্নান শাহ দাবি করেন, ছবির বিষয়টি তাঁরা অস্বীকার করছেন না। ওই ইসরাইলির অনুরোধে আসলাম চৌধুরী ছবি তুলেছেন। এ ঘটনার জন্য তিনি আসলামের বোকামিকেও দায়ী করেন।
হান্নান শাহ বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অনেক নদীর পানি শুকিয়ে গেছে। দেশের কিছু ‘দালালের’ কারণে বাংলাদেশ অধিকারবঞ্চিত হচ্ছে। এ সরকার মানুষের অধিকার রক্ষায় কাজ করবে না।
জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ বক্তব্য দেন।