আসামিরা বিএনপির, ছাত্রলীগের কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বকশীবাজারে মারামারির ঘটনায় গত বুধবার রাতে পুলিশ বাদী হয়ে বিএনপি ও ছাত্রদলের ৭৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে চকবাজার থানায় একটি মামলা করেছে। আর সাংসদের ওপর হামলা, তাঁর গাড়ি পোড়ানো ও আরও কিছু যানবাহন ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা করেছে পুলিশ। 
শাহবাগের মামলায় বিএনপি-ছাত্রদলের ২২ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খানকে এ মামলায় ঘটনার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে ছাত্রলীগের মিছিল থেকে গুলি করতে, ছাত্রদলের কর্মীদের মাটিতে ফেলে মারধর করার ছবিসহ সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু মামলায় ঘটনাস্থলে ছাত্রলীগের উপস্থিতির বিষয়টিই চেপে গেছে পুলিশ। দুই মামলায় ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টসংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার আদালতে হাজিরা দিয়েছেন। দলীয় প্রধানের হাজিরাকে কেন্দ্র করে পুরান ঢাকার বকশীবাজারে বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যাপক সংখ্যায় জমায়েত হন। দুপুরের দিকে সেই জমায়েতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা-গুলি চালালে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। এ সময় বিএনপি-ছাত্রদলের একদল নেতা-কর্মী নেত্রকোনার আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা চালান। তাঁরা ষাটোর্ধ্ব এই সাংসদকে মারধর করে রক্তাক্ত করেন এবং তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংসদের ওপর হামলা ও তাঁর গাড়ি পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলী। মামলায় সাংসদ ছবি বিশ্বাসকে হত্যার চেষ্টা, তাঁর গাড়িসহ আরও কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাংসদের মুঠোফোন ও পাঁচ হাজার টাকা ছিনতাই এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়।
মামলায় বলা হয়, ‘আবদুল আউয়াল মিন্টু, হাবিব-উন-নবী খানসহ বিএনপির হাইকমান্ডের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় বিচারকাজ ব্যাহত করার জন্য আসামিরা সড়কে মিছিল-মিটিং করে প্রতিবন্ধকতা তৈরি করেন।’ মামলায় নাম উল্লেখ করা ২২ আসামির মধ্যে রয়েছেন: ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ মামলায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আর বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী চকবাজার থানার এসআই দেলোয়ার হোসেন এজাহারে উল্লেখ করেন, খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা আয়োজনের অংশ হিসেবে তিনিসহ প্রচুর পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফজলে রাব্বী হলের সামনে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে মামলার আসামিরা পুলিশের তৈরি নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করেন। তখন পুলিশও কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে বিশৃঙ্খল লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। আসামিদের ছোড়া ইটপাটকেলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন: স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল প্রমুখ। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকে এই মামলাতেও আসামি করা হয়েছে।
মামলায় ছাত্রলীগের উপস্থিতির বিষয়টি উল্লেখ না করার কারণ জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, মামলার তদন্ত করবে পুলিশ। ঘটনার সঙ্গে এজাহারের বাইরে কেউ জড়িত থাকলে তদন্তেই তাদের নাম আসবে।