আসামিরা যুবলীগের কর্মী, তদন্ত চলছে ঢিমেতালে

নাশতা খেয়ে কাজে যাওয়ার সময় গুলিতে মারা যান নিরীহ দিনমজুর আলাউদ্দিন। তিনি কারও অনুসারী ছিলেন না।

ছেলের ছবি হাতে দিনমজুর আলাউদ্দিনের মা আছিয়া খাতুন। অপেক্ষায় আছেন ছেলের হত্যার বিচারের। পাশে আলাউদ্দিনের বোন জাহানারা বেগম। গতকাল সকালে চট্টগ্রাম নগরের খুলশী আমবাগান রেললাইনের পাশের বস্তিতেছবি: জুয়েল শীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি নির্বাচনের দিন একটি ভোটকেন্দ্রের সামনে দুই পক্ষের গোলাগুলিতে আলাউদ্দিন নামের এক নিরীহ দিনমজুর নিহতের মামলার এখনো কিনারা হয়নি। শনাক্ত হয়নি অস্ত্রধারীরা। উদ্ধার হয়নি ঘটনায় ব্যবহৃত অস্ত্রও। ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে কী আছে, সেই অপেক্ষায় আছে পুলিশ। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, আসামিরা যুবলীগের কর্মী হওয়ায় তদন্ত চলছে ধীরগতিতে।

আজ বৃহস্পতিবার খুনের এক বছর পূর্ণ হচ্ছে। কিন্তু মামলার প্রধান আসামি যুবলীগের কর্মী মো. নাছিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাকি চার আসামি রয়েছেন জামিনে। এ অবস্থায় নিহত আলাউদ্দিনের মা আছিয়া খাতুন বলেন, ‘গরিব বলে কি বিচার পাব না।’

গত বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান ইউসেফ টেকনিক্যাল স্কুলের সামনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় গুলিতে মারা যান দিনমজুর আলাউদ্দিন। তিনি কারও অনুসারী ছিলেন না। ভোটকেন্দ্র–সংলগ্ন রেললাইনের সঙ্গে লাগোয়া বস্তিতে থাকতেন আলাউদ্দিন। সকালে নাশতা খেয়ে কাজে যাওয়ার পথে গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় তাঁর বড় বোন জাহানারা বেগম বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় নয়জনকে আসামি করা হয়।

ঘটনার শুরু থেকে মামলাটি তদন্ত করে রেলওয়ে থানা-পুলিশ। গত বছরের আগস্ট থেকে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলায় জামিনে থাকা চার আসামি মো. আক্তার, মো. বিল্লাল, মো. হেলাল ও মো. ইমনকে আদালতের নির্দেশে কোর্ট পরিদর্শকের কক্ষে জিজ্ঞাসাবাদ করে। পলাতক থাকা চার আসামি যুবলীগের কর্মী মো. নাছির, সাইদুল ইসলাম, জজ মিয়া, মো. সাজু ও মো. নাসিরকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

সূত্র জানায়, সিআইডি ঘটনাস্থল থেকে উদ্ধারের সিসি ক্যামেরার পাঁচ শ জিবি হার্ডডিস্ক। সেটিতে ঘটনার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ফুটেজ মুছে ফেলা হয়।

আদালতের নির্দেশে সেই মুছে যাওয়া ফুটেজে কী আছে, তা পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

ফুটেজটি নগরের খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন ওরফে হিরণের বাসা থেকে সংগ্রহ করা। ঘটনাস্থলের পাশে তাঁর বাসা। তিনি বিদায়ী কাউন্সিলর ছিলেন। দল থেকে মনোনয়ন না পাওয়ায় গতবার নির্বাচনে অংশ নেননি। তবে বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমান তাঁর প্রার্থী বলে প্রচার রয়েছে।

জানতে চাইলে মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ভোটের দিন তিনি চট্টগ্রামে ছিলেন না। তাঁর কোনো বিদ্রোহী প্রার্থী ছিল না। ওয়াসিমও তাঁর ছোট ভাইয়ের মতো।

ঘটনার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বাসার সিসি ক্যামেরার ফুটেজে কিছু নেই কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কীভাবে বলতে পারি। ঘটনাস্থলের আশপাশে প্রায় সাতটি সিসি ক্যামেরা রয়েছে। আমি নিজেও চাই খুনি শনাক্ত হোক। বিচার হোক।’

মামলার প্রধান আসামি নাছিরকে নিজের অনুসারী নয়, দলের লোক দাবি করে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও নগরের এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, নাছির এমইএস কলেজে ছাত্রলীগের রাজনীতি করতেন। এখন যুবলীগ, আওয়ামী লীগের রাজনীতি করেন। তাঁরা কেউ জড়িত নন। হয়রানি করতে আসামি করা হয়।

মামলার অগ্রগতির বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোজাহেদুল হাসান প্রথম আলোকে বলেন, সিসি ক্যামেরার মুছে যাওয়া ফুটেজে কী আছে, তা জানার অপেক্ষায় আছেন। প্রকাশ্যে ঘটনায় অস্ত্রধারী শনাক্তে ফুটেজের অপেক্ষা কেন? এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু তথ্য জানা গেছে। তদন্তের স্বার্থে বলা যাবে না।

আমবাগান ইউসেফ টেকনিক্যাল স্কুলের সংলগ্ন রেললাইন লাগোয়া বস্তিতে বড় মেয়ের সঙ্গে থাকেন নিহত আলাউদ্দিনের বৃদ্ধ মা আছিয়া খাতুন। তাঁদের সঙ্গে থাকে আলাউদ্দিনের দেড় বছরের মেয়ে জান্নাত আরা। সে এখনো বুঝতে পারে না তার বাবা নেই। আছিয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘ছেলে মারা যাওয়ার পর স্ত্রী দেশের বাড়িতে চলে যায়। তার মেয়ে যখন বুঝতে শিখবে, তখন বাবার হত্যার বিচার হয়নি কীভাবে বলব।’

এদিকে একই অবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরুর পাঁচ দিনের মাথায় গত বছরের ১২ জানুয়ারি নগরের পাঠানটুলী ওয়ার্ডের মগপুকুরপাড় এলাকায় নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত মহল্লা সরদার আজগর আলী হত্যা মামলারও। কে বা কারা তাঁকে গুলি করেছে শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর পরিবারও তদন্ত নিয়ে সন্তুষ্ট নয়।