আসুন, একসাথে বসি: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘‌‌আমি আবার ডাকছি, আহ্বান করছি, আসুন, সবাই একসাথে বসি। পৃথিবীর মানুষ দেখুক, আমরা একসাথে আছি, একসাথে সংঘবদ্ধ হয়েছি। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই।’
আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘‌আমাদের মানুষকে বাঁচাতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। ‌আমি সংসদে বলেছিলাম, আসুন, আলোচনায় বসি। যেসব লোক শান্তিতে বিশ্বাস করে, সন্ত্রাসে বিশ্বাস করে না, আগুন-জ্বালাও-পোড়াওতে বিশ্বাস করে না; তাদের নিয়ে একসাথে বসে আলোচনা করি। এই সংকট থেকে সুরাহা বের করি। এখন পর্যন্ত আমরা বসতে পারিনি। কাজটা করতে হবে সরকারকে। সরকার ভালোভাবে কাজটা করতে পারেনি। আমি বলব, সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
এরশাদ বলেন, ‘আজ সারা বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ আতঙ্কিত। এমন বাংলাদেশ তো আমরা চাইনি। আজ কোথাও শান্তি নেই।’ যত দিন পর্যন্ত শান্তি ফিরে না আসবে, তত দিন পর্যন্ত জাতীয় পার্টির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলতে থাকবে বলে তিনি বলেন, ‘জনগণের কাছে যাব, শান্তির বাণী ছড়িয়ে দেব। কিন্তু এটা আমার একার পক্ষে সম্ভব না। এখানে সরকারকে সহযোগিতা করতে হবে।’

সাম্প্রতিক সন্ত্রাসী হামলা নিয়ে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, এ ধরনের ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি। হঠাৎ কেন এ ধরনের ঘটনা ঘটল? যখনই দেশের রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তখনই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ‘আমাদের দেশে রাজনীতিবিদেরা একে অপরকে দেখতে পারে না। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে গেলেও কেউ কারও সঙ্গে কথা বলে না। আমাদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের ঘাটতি দেখা দিয়েছে।’

সরকারপ্রধান শেখ হাসিনাকে উদ্দেশ করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘দলমত, ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থ থেকে ঊর্ধ্বে উঠে দেশের সাধারণ মানুষের দিকে তাকিয়ে আপনি সবাইকে এক করেন।’

জাতীয় পার্টির ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, এস এম ফয়সাল চিশতী, মীর আবদুস সবুর আসুদ প্রমুখ।

এর আগে থেমে থেমে আসা বৃষ্টি উপেক্ষা করে জাতীয় পার্টির বিপুলসংখ্যক নেতা-কর্মী ছোট ছোট মিছিল নিয়ে সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ নেন। এ সময় তাঁদের হাতে সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ছিল।