আস্থা-বিশ্বাস নিয়ে জাপা বিরোধী দলের ভূমিকায় থাকবে: কাদের

সংসদ ও সংসদের বাইরে মানুষের আস্থা ও বিশ্বাস নিয়ে জাতীয় পার্টি (জাপা) বিরোধী দলের ভূমিকা পালন করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের। আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়া গ্রামে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বাড়ি-সংলগ্ন মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জি এম কাদের।
অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘জাপার রাজনৈতিক অবস্থার কারণে বিভিন্ন সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দলের বিরোধীদলীয় কর্মকাণ্ডে জনগণ আস্থা রাখতে পারছে না। আমরা সরকারে আছি, না বিরোধী দলে আছি; জনগণের সঙ্গে আছি, না সরকারের সঙ্গে আছি—আমাদের কিছু সদস্য মন্ত্রিপরিষদে থাকায় জনগণের মধ্যে স্বাভাবিক কারণে এ প্রশ্ন দেখা দেয়।’
এর সঙ্গে জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘বিরোধী দল মানেই সরকারকে গালাগাল দিতে হবে, সরকারি দল মানেই সরকারের বিপক্ষে যারা তাদের প্রতি অকথ্য গালাগাল দিতে হবে—আমরা মনে করি এ ধরনের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা দেশের জনগণের জন্য কাজ করতে চাই। আমরা সরকারে থেকেও যেমন জনগণের কাজ করছি, বিরোধী দলে থেকেও তেমনি জনগণের কাজ করে যাচ্ছি। আমরা সত্যিকার অর্থে আইনগতভাবে ও কর্মকাণ্ডের মাধ্যমে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দলের ভূমিকা পালন করে যেতে চাই। জনগণের পক্ষে ভূমিকা পালনে এখন
যে শূন্যতা বিরাজ করছে, এই শূন্যতা আমরা পূরণ করতে চাই।’
পরে জাপার দুমকি উপজেলার পক্ষ থেকে গণসংবর্ধনায় যোগ দেন জি এম কাদের। দুমকি উপজেলা জাপার সভাপতি সুলতান আহমেদ হাওলাদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জাপার কেন্দ্রীয় নেতারা ছাড়াও বরিশাল, পটুয়াখালী ও দুমকি উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।