ভ্রাতৃত্বের বন্ধন, সমতা, আস্থা এবং বোঝাপড়ার ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের চেয়েও অনেক বেশি বলে অভিহিত করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়। ৬২ দফার বিবৃতিটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, আন্তরিক ও উষ্ণ পরিবেশে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হয়েছে। ২০১৫ সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে গৃহীত সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন দুই নেতা।
দুই দেশের সম্পর্কের বিষয়ে বিবৃতিতে নেতারা বলেন, ভ্রাতৃত্বের বন্ধন এবং সার্বভৌমত্ব, সমতা, আস্থা ও বোঝাপড়ার ওপর প্রতিষ্ঠিত সর্বব্যাপী অংশীদারত্বের প্রতিফলনের ভিত্তিতে প্রতিষ্ঠিত; যা কৌশলগত অংশীদারত্বের চেয়েও অনেক বেশি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নজরকাড়া আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। এ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণ এবং এই অঞ্চলের ভেতর ও বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন।
দুই প্রধানমন্ত্রী মনে করেন, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে এর মাধ্যমে সীমান্তের দুর্বল এলাকাগুলোর যৌথ ব্যবস্থাপনায় উন্নতি হবে। এতে করে সীমান্তে অনিয়মিত চলাচল, সহিংসতার ঘটনা, মানুষের জীবনহানিসহ অপরাধমূলক কার্যক্রম শূন্যের কোঠায় নেমে আসবে।
বিদ্যুৎ, পানিসম্পদ, বাণিজ্য, ট্রানজিট ও যোগাযোগের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক সুফল অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। তাঁরা জলবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যকার ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের উদ্যোগের প্রশংসা করে বলেন, তিন দেশের নেতারা যখন একসঙ্গে হবেন, তখন এই স্মারক স্বাক্ষরিত হবে।
বাংলাদেশে পদ্মা নদীতে গঙ্গা ব্যারাজের যৌথ উন্নয়নের ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানান দুই প্রধানমন্ত্রী। ‘জয়েন্ট টেকনিক্যাল সাব গ্রুপ অন গঙ্গাস ব্যারাজ প্রজেক্ট’ প্রতিষ্ঠায় এবং প্রকল্পের উজানে নদীতীরে সীমান্তে সমীক্ষার জন্য ভারতীয় কারিগরি দলের বাংলাদেশ সফরকে তাঁরা স্বাগত জানান।
কলকাতা-খুলনা-ঢাকার মধ্যে নতুন বাসসেবা চালুর প্রশংসা করে দুই প্রধানমন্ত্রী বলেন, এতে করে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে। ২০১৬ সালের অক্টোবর মাসে ঢাকা ও দিল্লির মধ্যে পরীক্ষামূলক কার্গো পরিবহনকেও স্বাগত জানান তাঁরা।
প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের সময় ১৯৭১ সালের ডিসেম্বর মাসে উভয় বাহিনীর যৌথ অভিযানের ইতিহাসের কথা স্মরণ করে পারস্পরিক লাভজনক এবং আরও গভীর প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে দুই নেতা একমত হন।
দুই দেশের মধ্যে বর্তমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে ২০১৬ সালের নভেম্বর মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর প্রথম বাংলাদেশ সফরে প্রতিরক্ষা সহযোগিতার নতুন মাত্রার পথে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে দুই প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ যোগাযোগ আরও উন্নয়নে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে ২০১৮ সালকে বাংলাদেশে ‘ভারত বর্ষ’ এবং ২০১৯ সালকে ভারতে ‘বাংলাদেশ বর্ষ’ উদ্যাপনের সিদ্ধান্ত নেন দুই প্রধানমন্ত্রী। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ৫০তম বার্ষিকী ও ২০২২ সালে ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা অর্জনের ৭৫তম বার্ষিকী উদ্যাপনের সিদ্ধান্তও নেন তাঁরা।