আহমদ শফী হত্যা মামলায় পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণের শুনানি আবার পেছাল
হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদন গ্রহণের শুনানি আবারও পিছিয়েছে। আগামী বছরের ২ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, রোববার শুনানির দিন ধার্য ছিল। তবে বাদী সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ২ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।
এ নিয়ে তিন দফা শুনানির দিন পেছাল। আদালত সূত্র জানায়, এর আগে গত ৩০ জুন, ১২ সেপ্টেম্বর—দুই দফা শুনানির দিন নির্ধারণ ছিল।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহমদ শফী। পরে ওই বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের আদালতে হত্যার অভিযোগে নালিশি মামলা করেন তাঁর শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন। মামলায় হেফাজতের ৩৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
মামলার আরজিতে বলা হয়, অসুস্থ হলেও আহমদ শফীকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় তাঁর কক্ষে আটকে রাখা হয়। তাঁর কক্ষে আসামিদের ইন্ধনে হামলা ও ভাঙচুর চালানো হয়। মাদ্রাসা মাঠে আহমদ শফীকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
চলতি বছরের ১২ এপ্রিল পিবিআই মোট ৪৩ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয়। এর মধ্যে হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরী গত ১৯ আগস্ট মারা যান।