শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। গত মঙ্গলবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
সংঘর্ষের পর দুই পক্ষের বিরোধ আরও প্রকাশ্যে রূপ নিয়েছে। সংঘর্ষের সময় মুক্তিযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনও হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ এ কে এম ফজলুল হক হজ পালন শেষে দেশে ফিরলে তাঁর উপস্থিতিতে আহ্বায়ক কমিটি করা হবে। কিন্তু সাংসদ না ফিরতেই গত ৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান এবং সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন খোকাকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিনকে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করে ২৯ সদস্যের এ কমিটি করা হয়।
সাংসদ ফজলুল হক দেশে ফিরে এই কমিটি প্রত্যাখ্যান করেন। এর পর থেকেই শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগে বিবাদ চরমে ওঠে। এর এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ ফজলুল হক, অপর পক্ষের আশরাফ হোসেন খোকা।
এরই জের ধরে ১১ নভেম্বর উপজেলা সদরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাংসদের সমর্থক জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আবু সালেহ, হামিদুর রহমানসহ দুই পক্ষের ২০ নেতা-কর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলা সদরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় মুক্তিযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে শ্রীবরদী পৌর শহরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ যৌথভাবে এক মানববন্ধন করে। শহরের শহীদ মিনার চত্বরে গত বৃহস্পতিবার বিকেলে প্রায় এক ঘণ্টার এ মানববন্ধন পালিত হয়।
এ প্রসঙ্গে স্থানীয় সাংসদ ফজলুল হক বলেন, তিনি সৌদি আরবে হজব্রত পালনকালে জেলা আওয়ামী লীগের নেতা আতিউর রহমান এবং চন্দন কুমার তাঁকে উপেক্ষা করে আহ্বায়ক কমিটি করেন। তিনি দুবারের নির্বাচিত সাংসদ। জাতীয় নির্বাচনে তাঁর বিরোধিতাকারীদের এই আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এমনকি নয়টি ইউনিয়ন পর্যায়ের দলীয় কমিটির কোনো নেতাকেও এ কমিটিতে রাখা হয়নি। তাই এই আহ্বায়ক কমিটি তাঁরা প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেনকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও সাংসদ জানান।
অপরদিকে নতুন কমিটির আহ্বায়ক চেয়ারম্যান আশরাফ হোসেন বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতভাবে এই আহ্বায়ক কমিটি করা হয়েছে। উপজেলার সর্বস্তরের মানুষ এই কমিটিকে গ্রহণ করেছে। কেন্দ্রীয় কমিটিও একে বৈধতা দিয়েছে। এটি বৈধ কমিটি।
জেলা আওয়ামী লীগের নেতা চন্দন কুমার গতকাল শনিবার বলেন, দলীয় সভানেত্রীর নির্দেশে উপজেলা পর্যায়ে দলের নতুন কমিটি গঠন করতে হবে। তাই শুধু সম্মেলন করতে দুই মাসের জন্য আশরাফ হোসেন খোকাকে আহ্বায়ক করে শ্রীবরদী উপজেলা আহ্বায়ক কমিটি করা হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ কমিটি করা হয়েছে। এখানে সাংসদ ফজলুল হককে কোনোভাবেই উপেক্ষা করা বা পাশ কাটানো হয়নি বলে দাবি করেন তিনি।