আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা যুবলীগের কেন্দ্রঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের কয়েকজন নেতা-কর্মী। তাঁরা বর্তমান কমিটির আহ্বায়ক আবদুল মান্নানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানান।
গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী আক্তার হোসেন বলেন, আবদুল মান্নান জেলা যুবলীগের সভাপতি থাকা অবস্থায় গত আট বছর সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করেননি। দল ক্ষমতায় থাকার সুযোগে তিনি অন্যের জমি দখল, চোরাচালানি, মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজি করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। ২০০৯ সালে সদর উপজেলার আগড়দাঁড়ি গ্রামের কাঞ্চন ঘোষালের জমি জোর করে দখলে নেওয়ার ঘটনায় সভাপতির পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। দীর্ঘদিন পর দলে ফেরেন। কয়েক মাস আগে এক ব্যক্তির সাতক্ষীরা সিটি কলেজের সামনের জমি দখল করে কোটি টাকা খরচ করে তিনি সেখানে অট্টালিকা বানিয়েছেন। এ ছাড়া ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারির সহিংসতায় নিহত শিবির ক্যাডার শাহিনুরকে তিনি যুবলীগের কর্মী বানানোর চেষ্টা করেন। ৫ জানুয়ারির নির্বাচনে মান্নান নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেন। কয়েক মাস আগে পুলিশের ওপর হামলার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। এর পরও ৩০ নভেম্বর মান্নানকে কেন্দ্র থেকে ফের যুবলীগের আহ্বায়ক করে জেলা যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সাবেক সহসভাপতি শেখ জুলফিকার, পৌর যুবলীগের সভাপতি খন্দকার আরিফ হোসেনসহ যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আবদুল মান্নান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ করা হচ্ছে। যাঁরা অভিযোগ করছেন, তাঁরা কেন্দ্রে পৃথক কমিটি দিয়েছিলেন। কিন্তু কেন্দ্র তাঁদের কমিটি অনুমোদন দেয়নি। আমার কমিটি অনুমোদন দিয়েছে। এ জন্য তাঁরা কুৎসা রটনা করছেন।’