আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কেন্দ্র থেকে নতুন কমিটি গঠনের পর ছাত্রদলের মতো নগর বিএনপিও আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে। গতকাল বৃহস্পতিবার বিএনপির একাংশ নগরে প্রকাশ্যে বিক্ষোভ ও সমাবেশ করে কমিটি প্রত্যাখ্যান করে।
সমাবেশ শেষে চৌহাট্টা পয়েন্টে বিক্ষুব্ধ ব্যক্তিরা বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর ছবিতে অগ্নিসংযোগ করে আরেক দফা বিক্ষোভ করেন। তাঁরা সিলেটে শমসের মবিন চৌধুরীকে অবাঞ্ছিতও ঘোষণা করেন।
মহানগর বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে গত শনিবার কেন্দ্র থেকে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান অনুসারী হিসেবে পরিচিত শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও বদরুজ্জামান সেলিমকে সদস্যসচিব করা হয়। ওই দিন রাতেই বিএনপির একাংশ নগরে বিক্ষোভ করে কমিটি প্রত্যাখ্যান করে।
বৃহস্পতিবার বিকেলে নগর বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া নগর বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের নেতৃত্বে মিছিল হয়। মিছিল শেষে নগরের কোর্ট পয়েন্টে নগর বিএনপির সাবেক সহসভাপতি মকসুদ আহমদের সভাপতিত্বে সমাবেশে সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী, সাবেক সহসভাপতি তারেক আহমদ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, রাজপথের আন্দোলন থেকে বিচ্ছিন্ন শমসের মবিন তাঁর কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও ওয়ান-ইলেভেনের দালালদের দিয়ে মহানগর বিএনপির কমিটি ঘোষণা করিয়েছেন। এই কমিটির সঙ্গে দলের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতা-কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। অবিলম্বে তাঁরা এ কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় বিএনপির তৃণমূলের নেতারা তাঁদের প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি দেন।
এদিকে গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্র থেকে সিলেট নগর ও জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এরপর একাংশ বিদ্রোহ ঘোষণা করে কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রেখেছে।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, কমিটি কোনো ব্যক্তিবিশেষ দেননি। কমিটি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিক্ষোভকারীদের কোনো দাবি থাকলে সেগুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার আহ্বান জানান তিনি।