ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে দলের একাংশ গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়ে। তবে আন্দোলনকারীদের মহাসড়কে মানববন্ধন করার কথা থাকলেও পুলিশ তা করতে দেয়নি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নাজমুল হোসেনকে আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের সহধর্মিণী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ, সাবেক সহসভাপতি আবদুর রাশেদ ও খাইরুল হুদা চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ওই কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সভাপতি ও সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতারা স্থান পাননি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল সোমবার মহাসড়কের বাড়িউড়ায় মানববন্ধন ও সমাবেশের ডাক দেন।
গত রোববার এ নিয়ে এলাকায় মাইকিংও করা হয়। এ অবস্থায় গতকাল সকাল থেকেই বাড়িউড়া এলাকায় বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়।
সকাল সাড়ে ১০টার দিকে আবদুল হালিম সাবেক সহসভাপতি এ আই মনোয়ার উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলীসহ কর্মী-সমর্থকদের নিয়ে মহাসড়কসংলগ্ন এলাকায় এলে পুলিশি বাধায় আর মহাসড়কে উঠতে পারেননি। পরে তাঁরা মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে ওই তিন নেতা বক্তব্য দেন। তাঁরা উপজেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান। তা না হলে মহান বিজয় দিবসের পর মহাসড়ক অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে।