আহ্বায়ক কমিটিতে বিবাহিত সন্ত্রাসী, অন্য দলের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের ‘খান পরিবারের পকেট কমিটি’ ভেঙে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। নবগঠিত এই কমিটিতে খান পরিবারবিরোধীদের প্রাধান্য রয়েছে। তবে এই পরিবারের অনুসারী বেশ কয়েকজনকে রাখা হয়েছে।
৫১ সদস্যের আহ্বায়ক কমিটির বেশির ভাগই নিয়মিত ছাত্র নন। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, হত্যা, অস্ত্র ও অপহরণ মামলার আসামি, বেশ কয়েকজন বিবাহিত এবং উপজেলা ছাত্রদলের পদ থেকে কিছুদিন আগে অব্যাহতি পাওয়া এক নেতাও স্থান পেয়েছেন নতুন কমিটিতে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিতরা।
গত শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত কমিটির তালিকা টাঙ্গাইলে প্রকাশিত হয় গত শনিবার।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, নবগঠিত এই কমিটিতে সদস্য করা হয়েছে আতিকুর রহমান ও শাকিল কবিরকে। তাঁরা দুজনই পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং খান পরিবারের অনুসারী। সাংসদ আমানুর রহমান খানের ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খানের (বাপ্পা) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বাপ্পার হয়ে তাঁরা শহরের উত্তর অংশের বেশ কয়েকটি এলাকার অপরাধ নিয়ন্ত্রণ করতেন। আতিকুর রহমান ‘কোয়ার্টার রনি’ নামে সন্ত্রাসজগতে পরিচিত। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল গেটে এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে রনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভান্ডাররক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। সে সময় পুলিশ তাঁকে পিস্তলসহ গ্রেপ্তার করে।
শাকিল কবির সন্ত্রাসজগতে ‘ডন সোহেল’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের ১ এপ্রিল গোলাম আযম নামের এক টেম্পোশ্রমিক নেতাকে শহরের রেলস্টেশন রোডে গুলি করে হত্যার মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ওই হত্যার ঘটনায় গোয়েন্দা পুলিশ তাঁকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করে এবং হত্যায় ব্যবহৃত পিস্তলটিও তাঁর হেফাজত থেকে উদ্ধার করা হয়। শাকিল কবির বিবাহিত বলে নিশ্চিত করেছে তাঁর ঘনিষ্ঠ সূত্র।
এ ছাড়া কমিটিতে স্থান পাওয়া সাজিদ খান, সজীব খানশুর, রিয়াদ হাসান, ইয়ারুফ হোসেনও বিবাহিত। কমিটির ৫ নম্বর সদস্য এস এম জুয়েল রানা টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ছিলেন। পৌরসভায় মাস্টাররোলে একটি চাকরি নেওয়ায় গত ২২ আগস্ট তাঁকে ছাত্রদল থেকে বাদ দেওয়া হয়।
এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিবাহিত, সন্ত্রাসী, অছাত্র একজনও কমিটিতে নেই। কেউ অভিযোগ করলেই হবে না, তিনি সুনির্দিষ্টভাবে জানতে চান। দু-একজনের উদাহরণ তুলে ধরার পর তিনি বলেন, এটা তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি। তিন মাসের মধ্যেই সম্মেলন করে এই কমিটি বিদায় নেবে।
জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১০ সালে। নাজমুল হুদা সভাপতি এবং ইসতিয়াক আহমেদ সাধারণ সম্পাদক হন। সে সময় জেলা ছাত্রলীগের নিয়ন্ত্রণ করতেন সাংসদ আমানুরের ছোট ভাই ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান। ২০১৪ সালের আগস্টে আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় সানিয়াতসহ তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি পুলিশের তদন্তে বের হয়ে আসে। তখন সানিয়াতরা সব ভাই আত্মগোপন করেন। সে সময় সানিয়াতের অনুসারী কিছু ছাত্রলীগ নেতাও আত্মগোপনে যান। ২০১৫ সালের ২৪ জুন সম্মেলন ছাড়াই সানিয়াতের ঘনিষ্ঠ সহযোগী ইসতিয়াক আহমেদকে সভাপতি ও শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে ‘খান পরিবারের পকেট কমিটি’ আখ্যা দিয়ে খান পরিবারবিরোধীরা আন্দোলন শুরু করেন।
ছাত্রলীগের পদবঞ্চিত একাধিক নেতা বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা জেলা আওয়ামী লীগের শীর্ষ দু-একজন নেতা এবং জেলার বিভিন্ন আসনের সাংসদদের সঙ্গে আলোচনা করে এই কমিটি দিয়েছেন। ওই সব নেতা ও সাংসদেরা প্রকৃত কর্মীদের চেয়ে তাঁদের আত্মীয়স্বজন ও অনুগতদের নাম দিয়েছেন।
পদবঞ্চিত নেতা মনির সিকদার বলেন, ঘোষিত কমিটিতে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়নি। এখানে অন্য দলের লোক এবং অছাত্র ঢুকে পড়েছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, তাঁরা যে খসড়া কমিটি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দিয়েছিলেন, সেখানে কোনো সন্ত্রাসী অছাত্রের নাম ছিল না। অন্য কোনোভাবে হয়তো তাঁরা ঢুকে পড়েছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।