নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গত শুক্রবার রাতে গঠন করা হয়েছে। তবে এ কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোজাম্মেল হকসহ তাঁর অনুসারীরা জায়গা পাননি বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় বিএনপিতে ক্ষোভ বিরাজ করছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক জানান, শুক্রবার রাতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলমসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পর্যালোচনা শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আজিজকে আহ্বায়ক ও উপজেলা ওলামা দলের সভাপতি ব্যবসায়ী ওমর আলী শেখ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মনিরুজ্জামান, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন সরকার, চাপিলা ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল হক মোল্লা, খুবজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দোরাপ আলীকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে ওই কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তিনি আরও বলেন, দলের জন্য নিবেদিত এবং বিগত বছরগুলোতে সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এসব নেতাকে আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে।
তবে আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়া মোজাম্মেল হক দাবি করেন, এলাকার জনপ্রিয় ও প্রভাবশালী নেতা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মো. আমজাদ হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আয়নাল হক তালুকদার, সহসভাপতি মো. তমেজুর রহমান, ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন সরদার, অধ্যাপক মো. আকরাম হোসেন ও মহিলা দলের সম্পাদিকা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারসহ অনেককে কমিটিতে রাখা হয়নি। মূলত তাঁরা তাঁর (মোজাম্মেল) অনুসারী বলে কমিটিতে স্থান পাননি। তিনি আরও বলেন, এলাকার জনপ্রিয় ও প্রভাবশালী নেতাদের বাদ দিয়ে একতরফাভাবে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত আহ্বায়ক কমিটি দলের ধ্বংস ডেকে আনা ছাড়া কোনো কাজেই আসবে না।
এ ব্যাপারে মো. আমজাদ হোসেন ও মো. আয়নাল হক তালুকদার জানান, বিষয়টি নিয়ে তাঁরা তৃণমূল বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসে করণীয় ঠিক করবেন।
এ ব্যাপারে মো. আবদুল আজিজ বলেন, ২০০৯ সালে উপজেলা বিএনপির দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছিল। তিন বছর আগে ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নতুন এই আহ্বায়ক কমিটি দলকে সুসংগঠিত করাসহ সরকারবিরোধী আন্দোলন জোরদার করবে।