সুনামগঞ্জ জেলা বিএনপি ত্রিধাবিভক্ত। গত জানুয়ারি থেকে দলীয় কর্মকাণ্ডে পুলিশি বাধা, মামলা ও গ্রেপ্তারে নেতা-কর্মীরা হতাশ। এর মধ্যেই দুই অংশের নেতা-কর্মীরা তলবি সভা ডেকে জেলা কমিটির আহ্বায়ককে অব্যাহতি দিয়ে পাল্টা কমিটি ঘোষণা করেছেন।
নতুন ঘোষিত কমিটির আহ্বায়ক ওয়াকিফুর রহমান গিলমান বলেন, ‘আমরা গঠনতন্ত্র অনুযায়ী তলবি সভা করে আহ্বায়ককে অব্যাহতি দিয়ে নতুন কমিটি দিয়েছি। এখন থেকে জেলা বিএনপির কর্মকাণ্ড নতুন কমিটির মাধ্যমে পরিচালিত হবে।’
দলের নেতা-কর্মীরা বলেন, গত সোমবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে তলবি সভা হয়। বিএনপির ওই অংশ জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আছপিয়ার অনুসারী হিসেবে পরিচিত। নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব করা হয়েছে জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলামকে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ নভেম্বর জেলা বিএনপির দুই পক্ষ শহরে একই দিন পৃথক সম্মেলন করে। এক পক্ষ ফজলুল হক আছপিয়াকে সভাপতি, রফিক চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আবুল মনসুর শওকতকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করে। অন্য পক্ষ কমিটি ঘোষণা করে নাছির উদ্দিন চৌধুরীকে সভাপতি, দেওয়ান জয়নুল জাকেরীনকে সাধারণ সম্পাদক ও ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে। এরপর দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। পরে কেন্দ্র থেকে ফজলুল হক আছপিয়াকে সভাপতি ও রফিক চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়। কিন্তু অন্য পক্ষ তা মেনে নেয়নি। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমঝোতার উদ্যোগও ব্যর্থ হয়।
২০১১ সালের এপ্রিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ করে ফজলুল হক আছপিয়াকে সভাপতি, কলিম উদ্দিন আহমদ ওরফে মিলনকে সাধারণ সম্পাদক ও ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যের আরেকটি কমিটির অনুমোদন দেন। তখন আছপিয়ার অনুসারী কিছু নেতা-কর্মী ওই কমিটি বাতিলের দাবিতে শহরে কর্মসূচি পালন করেন। ওই পক্ষে ছিলেন ওয়াকিফুর রহমান গিলমান, নাদীর আহমদ ও আবুল মনসুর প্রমুখ। জেলা বিএনপির বিরোধ মেটাতে গত বছর কমিটি পুনর্গঠন করা হয়। এতে কমিটির সদস্য বাড়িয়ে ১৯৫ করা হয়। সর্বশেষ ২০১৪ সালের ১৬ এপ্রিল জেলার কমিটি ভেঙে দিয়ে নাছির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক এবং কলিম উদ্দিন আহমদকে প্রথম সদস্য করে ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি করে দেওয়া হয় কেন্দ্র থেকে। কিন্তু বিরোধ মেটেনি। ৭ নভেম্বর ফজলুল হক আছপিয়ার সমর্থক দুই অংশের নেতা-কর্মীরা একত্রে শহরে মিছিল-সমাবেশ করেন। এই দুই অংশ মিলেই গত সোমবার শহরের একটি কমিউনিটি সেন্টারে তলবি সভা করে।
ওয়াকিফুর রহমান গিলমান বলেন, ‘গত দেড় বছরে সংগঠনের কোনো সভা হয়নি। নাছির উদ্দিন চৌধুরী একাই সবকিছু করছেন। নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। নতুন কমিটি ঘোষণা দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের গঠনতন্ত্রে বিষয়টির উল্লেখ আছে। আমরা কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাব।’
নাছির উদ্দিন চৌধুরী বলেন, এটা হাস্যকর। সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ছাড়া কিছুই না। কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটি কোনো তলবি সভাই করতে পারে না।