আড়াইহাজারে নির্বাচনী সংঘর্ষে আহত ২০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কয়েকজন সদস্য প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ হয়। দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
গতকাল উপজেলার ব্রাহ্মন্দী, বিশনন্দী ও খাগকান্দা ইউনিয়নের ভোটকেন্দ্রগুলো ঘুরে নৌকা প্রতীকের এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, সকাল নয়টায় খাগকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শম্ভুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য পদপ্রার্থী জাকির হোসেনের সমর্থকদের সঙ্গে মোতালিবের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন।
বিশনন্দী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের দয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়ন পরিষদ সদস্য পদপ্রার্থী জসিম উদ্দিনের প্রতীকে সিল মারাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আক্কাছের সঙ্গে তাঁর (জসিম) বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলী আক্কাছ, শাহজালাল, শওকতসহ পাঁচজন আহত হন। হাইজাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংহদী মাদ্রাসা কেন্দ্রে দুই সদস্য পদপ্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ঘণ্টা ভোট স্থগিত থাকে।
সাতগ্রাম ইউপির ছনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই হওয়ায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়। একই ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান সদস্য পদপ্রার্থী বাবুল মিয়ার সমর্থকেরা। পরে এ কেন্দ্রের ভোটও স্থগিত করা হয়।
সকাল ১০টায় বিশনন্দী ইউপি দড়িবিশনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের দুই সদস্য পদপ্রার্থী আবদুল হান্নান ও খোকন মিয়ার সমর্থকদের মধ্যে কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে খোকন মিয়ার লোকজন কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে পাঁচজন আহত হন।