আয়নায় নিজের মুখ দেখুন, প্রধানমন্ত্রীকে ফখরুল

বিএনপিকে দুর্নীতিবাজ দল হিসেবে আখ্যায়িত করার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রীকে আয়নায় নিজের মুখ দেখতে বলেছেন। গতকাল বুধবার সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন, দুর্নীতিকেই বিএনপি নীতি হিসেবে গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চ আয়োজিত রাজবন্দীদের শর্তহীন মুক্তির দাবিতে প্রতিবাদী সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, একটি বড় রাজনৈতিক দল যারা জনগণের সঙ্গে থেকেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে, তাদেরকে প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিপরায়ণ দল। এ সরকারের সময়ে ব্যাংক খাত ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, কথা বলার আগে আয়নায় নিজের মুখ দেখতে হবে।
বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গে তিনি বলেন, খালেদার মামলা ছিল ৪টি এবং প্রধানমন্ত্রীর ছিল ১৫টি। কিন্তু বিএনপি নেত্রীর মামলা রেখে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেওয়া হয়। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের কর্মীদের বিরুদ্ধে সাড়ে সাত হাজার মামলা তুলে নেয়। আর বিএনপির বিরুদ্ধে করা সেই মামলার পরিমাণ এখন ৭৮ হাজার। কারাগারগুলো ভরে গেছে বিএনপি নেতা-কর্মীতে। তিনি আরও বলেন, জোর করে ক্ষমতায় আসতেই এসব করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চের সভানেত্রী নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু প্রমুখ।