আয়ের এক-তৃতীয়াংশ ব্যয় আ. লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় আয় ছিল ৯ কোটি ৫ লাখ ৬৪৩ টাকা। ওই বছর দলটি ব্যয় করেছে ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। অর্থাৎ​ দলটি তাদের আয়ের এক-তৃতীয়াংশ খরচ করেছে।

নির্বাচন কমিশনে দেওয়া দলটির আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনে গিয়ে দলের এ হিসাব জমা দেন।

প্রতিনিধি দলের এক সদস্য বলেছেন, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে দলের আয় ও ব্যয় দুটোই কমেছে। তিনি বলেন, সদস্যদের চাঁদা ও অনুদান থেকে আয় হয়েছে। আর দলীয় কর্মসূচি পালনের জন্য এই তহবিল থেকে ব্যয় করা হয়েছে।

রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী নিবন্ধিত দলগুলোকে প্রতি বছর তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিতে হয়। ক্যালেন্ডার বছরের আয়-ব্যয়ের হিসাব পরের বছরের ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নিয়ম। অবশ্য আওয়ামী লীগ ও বিএনপিসহ কয়েকটি দল আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করলে কমিশন এক মাস সময় বাড়ায়। সেই হিসেবে আজ কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন।