নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন আজ রোববার। ১৪ বছর পর শহরের মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামে এ সম্মেলন হচ্ছে। সম্মেলন উদ্বোধন করার কথা যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরীর।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি থাকবেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, নরসিংদী-৫ আসনের সাংসদ রাজিউদ্দিন আহম্মেদ ও নরসিংদী-৪ আসনের সাংসদ নূরুল মজিদ মাহমুদ। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের সভাপতি একরামুল ইসলাম। সম্মেলন ঘিরে স্টেডিয়ামে আলোকসজ্জা করা হয়েছে। কেন্দ্রীয় নেতা ও সাংসদদের স্বাগত জানিয়ে প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ।
সংগঠনের নেতা-কর্মীরা বলেন, জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালে। তখন কমিটির সভাপতি হন একরামুল ইসলাম। আর সাধারণ সম্পাদক হন বিজয় কৃষ্ণ গোস্বামী। মেয়াদ শেষে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কমিটি না হওয়ায় যুবলীগে নেতৃত্বের জট সৃষ্টি হয়। কমিটির অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়ায় নেতৃত্বে ভাটা পড়ে। শেষে পদপ্রত্যাশীদের চাপে সম্মেলনের তারিখ নির্ধারিত হয়। শুরুতে সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। পদপ্রত্যাশীরা ব্যানার-ফেস্টুন টানিয়ে নিজেদের প্রার্থিতার জানান দেন। তবে সম্মেলন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পদপ্রত্যাশীর সংখ্যা ও আগ্রহ দুই-ই কমে আসে। এক সপ্তাহ আগে সভাপতি পদে বিজয় কৃষ্ণ গোস্বামী, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শীলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাকির, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল বাছেদ ভূঞা আলোচনায় ছিলেন। সাধারণ সম্পাদক পদে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এস শামীম নেওয়াজ ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুজাহিদ তুষার। বর্তমানে বিজয় কৃষ্ণ গোস্বামী ও শামীম নেওয়াজ ছাড়া মাঠে কেউ নেই।
ফলে সম্মেলন আয়োজন নিয়ে ব্যাপক প্রস্তুতি ও জৌলুশ থাকলেও পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা নেই। নেতা-কর্মীদের ধারণা, নেতা নির্বাচনে তৃণমূলের মতামত গুরুত্ব না-ও পেতে পারে। কারণ স্থানীয় সাংসদেরা সম্মেলন সামনে রেখে বুধবার দুপুরে পলাশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভা করেছেন। ওই সভায় প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, সাংসদ নুরুল মজিদ, কামরুল আশরাফ খান, সাবেক সাংসদ আনোয়ারুল আশরাফ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞা এবং পৌর মেয়র কামরুজ্জামান কামরুল উপস্থিত ছিলেন। সভা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী নির্বাচন করা হয়।
এ জন্য পদপ্রত্যাশীরা সম্মেলন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। অনেকে প্রচারণা থেকে সরে এসেছেন। নেতা-কর্মীর ধারণা, যুবলীগের নেতৃত্বের ভার পড়ছে বিজয় কৃষ্ণ গোস্বামী ও শামীম নেওয়াজের ওপর। বিজয় ও শামীম নেওয়াজ নজরুল ইসলামের আস্থাভাজন হিসেবে পরিচিত। একই ধারণা পেয়ে যুবলীগের চেয়ারম্যান উমর ফারুক চৌধুরী জেলা নেতাদের ও সাংসদদের ওপর ক্ষুব্ধ হন। যুবলীগ চেয়ারম্যান গত শুক্রবার মৌলভীবাজারে সাংগঠনিক সফর শেষে ঢাকায় ফিরে যাচ্ছিলেন। এই খবরে বিজয় কৃষ্ণ গোস্বামী ও শামীম নেওয়াজের নেতৃত্বে কিছু নেতা-কর্মী যুবলীগ চেয়ারম্যানকে স্বাগত জানাতে নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ডের কাছে ফুল হাতে দাঁড়িয়েছিলেন। সন্ধ্যায় যুবলীগ চেয়ারম্যান গাড়ি থেকে নেমে ফুল না নিয়ে জুতা হাতে নেতা-কর্মীদের তাড়া করেন।
প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসা আবদুল বাকির বলেন, ‘এখন নেতা হতে হলে শুধু সক্রিয় রাজনীতি করা যথেষ্ট নয়। নীতিনির্ধারকদের আশীর্বাদও জরুরি। এ মুহূর্তে আমার ওপর নীতিনির্ধারকদের আশীর্বাদ নেই। সেই কারণে পদের আশা ছেড়ে দিয়ে দূরে সরে আসা ছাড়া কোনো বিকল্প ছিল না।’
শামীম নেওয়াজ বলেন, ‘আমি বিগত দিনে নরসিংদী সরকারি কলেজ ছাত্রসংসদের জিএস ছিলাম। জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন। দুটি পদেই আমি সফল ছিলাম। সুতরাং যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুবলীগকে চাঙা করে তুলব।’
বিজয় কৃষ্ণ গোস্বামী বলেন, ‘টানা ১৪ বছর সাধারণ সম্পাদক পদে থেকে যুবলীগকে জেলা সদরসহ সব কটি উপজেলায় সক্রিয় রেখেছি। দলের প্রয়োজনে এবং লড়াই-সংগ্রামে কর্মীদের নিয়ে মাঠে ছিলাম। সুতরাং সফল হিসেবেই আমি এখন সভাপতি পদ চাচ্ছি।’
জেলা যুবলীগের সভাপতি একরামুল ইসলাম বলেন, আসলে কোন পদে কতজন আছেন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের আগে ধারণা করা যাচ্ছে না।