ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বৈঠকে উপস্থিত রয়েছেন।

ইইউ প্রতিনিধিদলকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে জানানো হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া খালেদা জিয়ার জামিন, আগামী নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে ইইউ প্রতিনিধিদলকে জানানো হতে পারে বলে বিএনপি একটি সূত্র জানিয়েছে।

এদিকে বৈঠকটি সন্ধ্যা ছয়টায় শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে। ইইউ প্রতিনিধিদল কক্সবাজার সফর থেকে ফিরতে দেরি করায় বৈঠকে বিলম্ব হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইইউ পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটির চেয়ারম্যান জিন ল্যামবার্টের নেতৃত্বে ইইউ প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন জেমস নিকোলসন, রিচার্ড করবেট, ওয়াজিদ খান এবং সাজ্জাদ করিম।

গতকাল মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি। বৈঠকে খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করে বিএনপি।