ইইউপি প্রতিনিধিদলের সঙ্গে খালেদা সাক্ষাৎ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল বুধবার সন্ধ্যায় ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের (ইইউপি) একটি প্রতিনিধিদল দেখা করেছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাঁরা প্রায় এক ঘণ্টা কথা বলেন।
বৈঠক শেষে ইইউপির চার সদস্যের প্রতিনিধিদলের প্রধান আরনা লিটয্ সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন ও মাল্টি পার্টি ডেমোক্রেসির বিষয়াদি নিয়ে মতবিনিময় করেছি।’
বৈঠকে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুও ছিলেন। বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।
বৈঠকের আলোচনা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কিছু বলা হয়নি। দলীয় সূত্র বলেছে, দেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্র, আগামী নির্বাচন এবং পোশাকশিল্পের বর্তমান অবস্থা ও শ্রমিকদের অধিকারের বিষয়াদি নিয়ে কথা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, সাক্ষাতে ইইউপি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসনকে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।
ইইউপি প্রতিনিধিদলটি গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিল।