ইউএসটিসির সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) ভারপ্রাপ্ত সহ-উপাচার্য অধ্যাপক নুরুল আবছার এবং রেজিস্ট্রার বদরুল আমিন ভূঁইয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার উপাচার্য অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া বরাবর তাঁরা পদত্যাগপত্র জমা দেন।
জানতে চাইলে ইউএসটিসির উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া প্রথম আলোকে বলেন, তিনি ছুটিতে। পদত্যাগপত্র জমা দেওয়ার কথা শুনেছেন। পদত্যাগকারী দুই শিক্ষকের সঙ্গে তাঁর কথা হয়নি বলেও জানান তিনি।
এমবিবিএস কোর্সের ২৫ থেকে ২৯তম ব্যাচের শিক্ষার্থীরা বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নিবন্ধনের দাবিতে গত জানুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসছেন। তাঁরা মেডিকেল ফ্যাকাল্টির শ্রেণি কার্যক্রম ও হাসপাতাল বন্ধ করে দেন।
পদত্যাগ করার বিষয়ে জানতে দুই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কেউ ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি।
নিয়মবহির্ভূতভাবে মেডিকেলে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানোর কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ইউএসটিসিকে ১০ কোটি টাকা জরিমানা করেন। কর্তৃপক্ষ ৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। অবশিষ্ট টাকার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে নিবন্ধনের দাবিতে গতকাল শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।